Categories
বিবিধ

৩৫ আসনের পুরসভায় ২৪ জনের সমর্থন অনাস্থার পক্ষে, পদ হারালেন কল্যাণী ঘোষ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সংখ্যাগরিষ্ঠ পুরপ্রতিনিধির আস্থা হারিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর পুরসভার পুরপ্রধানের পদ খোয়ালেন তৃণমূল পরিচালিত পুরসভার পুরপ্রধান কল্যাণী ঘোষ। সোমবার আয়োজিত তলবি সভায় তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে সমর্থন জানান ২৪ জন পুরপ্রতিনিধি।
গত ৯ সেপ্টেম্বর কল্যাণী ঘোষের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিলেন ১৫ জন পুরপ্রতিনিধি। সেই অনাস্থা প্রস্তাবে নেতৃত্ব দিয়েছিলেন গণতান্ত্রিক তৃণমূলের জেলা সভাপতি তথা খড়্গপুর পুরসভার প্রাক্তন পুরপ্রধান প্রদীপ সরকার।
উল্লেখ্য, ২০২২ সালের ডিসেম্বর মাসে পুরপ্রধানের পদ থেকে সরতে হয়েছিল প্রদীপ সরকারকেও। এরপর খড়্গপুর পুরসভার পুরপ্রধানের দায়িত্বে আসেন কল্যাণী ঘোষ। প্রায় চার বছর পর এবার একইভাবে অনাস্থার মুখে পড়ে পদ হারাতে হল তাঁকেও। ৩৫ আসনের খড়্গপুর পুরসভায় এদিনের তলবি সভায় উপস্থিত ছিলেন ২৮ জন পুরপ্রতিনিধি। বিজেপির ৬ জন পুরপ্রতিনিধি সভায় অনুপস্থিত ছিলেন। উপস্থিত পুরপ্রতিনিধিদের মধ্যে ২৪ জন কল্যাণী ঘোষের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবের পক্ষে হাত তুলে সমর্থন জানান।
এর ফলে সংখ্যাগরিষ্ঠ পুরপ্রতিনিধির সমর্থন হারিয়ে পুরপ্রধানের পদ থেকে সরে যেতে হল কল্যাণী ঘোষকে। মাত্র কয়েক বছরের ব্যবধানে খড়্গপুর পুরসভায় ফের পুরপ্রধান বদলের ঘটনায় তৃণমূলের অভ্যন্তরীণ রাজনৈতিক সমীকরণ নিয়েও শুরু হয়েছে জোর চর্চা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *