Categories
বিবিধ

সচেতনতা ও টিকাকরণই অস্ত্র, বামনগোলায় শুরু ক্যান্সার প্রতিরোধ কর্মসূচি।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- মহিলাদের মধ্যে ক্রমবর্ধমান জরায়ুমুখ ক্যান্সারের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী সরকার পরিবর্তনের পর শুরু হলো জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধী টিকাকরণ কর্মসূচি। শনিবার মালদা জেলার বামনগোলা গ্রামীণ হাসপাতালে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রথম পর্যায়ে ১৪ বছর বয়সি কিশোরীদের টিকা দেওয়া শুরু হয়েছে। আগামী দিনে পর্যায়ক্রমে ১৪ বছরের ঊর্ধ্বে মহিলাদেরও এই কর্মসূচির আওতায় এনে টিকাকরণ শুরু হবে। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বামনগোলা গ্রামীণ হাসপাতালের বিএমওএইচ ডাঃ শুভ্রদীপ মণ্ডল সহ স্বাস্থ্য দপ্তরের একাধিক আধিকারিক।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডাঃ শুভ্রদীপ মণ্ডল বলেন, “জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এই টিকা অত্যন্ত কার্যকর। পাশাপাশি রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরোধই এই মারণ রোগের বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী অস্ত্র।”

বিভিন্ন মহলের মানুষজনের মতে, জরায়ুমুখ ক্যান্সার নারীদের মধ্যে অন্যতম প্রাণঘাতী রোগ হলেও সময়মতো টিকাকরণ ও সচেতনতার মাধ্যমে এর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। ফলে রাজ্য সরকারের এই উদ্যোগ ভবিষ্যতে বহু নারীকে সুরক্ষা দেবে ।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *