Categories
বিবিধ

ইচ্ছা থাকলেই উপায় হয়— গ্রামীণ নারী শিক্ষায় দৃষ্টান্ত গড়ল চন্দ্রকোনা রোড বালিকা বিদ্যালয়।

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা রোড :- উন্নয়নের জন্য সবসময় কোনো বিশেষ উন্নয়ন সংক্রান্ত আধিকারিক বা বিশালাকার ফান্ডের প্রয়োজন হয় না, আন্তরিক “ইচ্ছা থাকলে যে উপায় হয়”— তা আরও একবার হাতে-কলমে প্রমাণ করে দেখাল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড বালিকা বিদ্যালয়। উপযুক্ত পরিকাঠামো এবং সচেতনতার অভাবে একটা সময় যেখানে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পঠন-পাঠন প্রায় বন্ধের মুখে ছিল, আজ সেখানেই বইছে পরিবর্তনের হাওয়া।

বিদ্যালয় কর্তৃপক্ষের সদিচ্ছা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমে বদলে গেছে সম্পূর্ণ চিত্রটি। ছাত্রীদের স্কুলমুখী করতে এবং উচ্চমাধ্যমিকে ভর্তি বাড়াতে শিক্ষকেরা নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে নিবিড় জনসংযোগ গড়ে তোলেন। অভিভাবকদের বোঝানোর এই আন্তরিক প্রচেষ্টার সুফলও মিলেছে হাতেনাতে। গত বছর যেখানে একাদশ শ্রেণীতে মাত্র ৩ জন ছাত্রী ভর্তি হয়েছিল, সেখানে চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান বিভাগে ১২ জন এবং কলা বিভাগে ২৫ জনসহ মোট ৩৭ জন নতুন ছাত্রী ভর্তি হয়েছে। বর্তমানে ৬৮০ জন পড়ুয়ার এই বিদ্যালয়ে এই সাফল্য শিক্ষকদের উদ্দীপনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

ছাত্রী সংখ্যা বৃদ্ধির সাথে সাথে বিজ্ঞান শিক্ষার জন্য ল্যাবরেটরির প্রয়োজনীয়তাও বাড়ছিল। সেই চাহিদা পূরণ করে আজ বিদ্যালয়ে পথ চলা শুরু করল আধুনিক প্র্যাকটিক্যাল ল্যাবের। শালবনী বিধানসভার বিধায়ক বিমান মাহাতো ফিতে কেটে এই ল্যাবের শুভ উদ্বোধন করেন। নতুন ল্যাব পেয়ে খুশি ছাত্রীরাও। সদিচ্ছার জোরে গড়ে ওঠা এই পরিকাঠামো গ্রামীণ নারী শিক্ষায় এক নয়া দৃষ্টান্ত স্থাপন করল।

Share This
Categories
বিবিধ

ফাটল ধরা দেওয়াল, খসে পড়ছে ছাদ—দুর্ঘটনার আশঙ্কায় আতঙ্কিত ছাত্রী ও শিক্ষকরা।

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা রোড :- যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা। ভাঙা ছাদ, ফাটল ধরা দেওয়াল আর অনবরত খসে পড়া চাঙড়ের আতঙ্ক নিয়েই ক্লাস করতে বাধ্য হচ্ছে চন্দ্রকোনা রোড বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা। সামান্য বৃষ্টিতেই ছাদ থেকে জল চুঁইয়ে পড়ে ক্লাসরুমে। ফলে বই-খাতা বাঁচিয়ে কোনোমতে এক কোণে জড়ো হয়েই কাটছে তাদের শিক্ষাজীবন। স্কুলের এই জরাজীর্ণ পরিকাঠামো ছাত্রীদের সুরক্ষাকে বড়সড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে।

​স্কুলের এই চরম অব্যবস্থা নিয়ে স্থানীয় প্রশাসন ও শিক্ষা দপ্তরের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জমছে এলাকায়। বিদ্যালয় থেকে ঢিল ছোড়া দূরত্বেই রয়েছে উন্নয়ন সংক্রান্ত বোর্ড লাগানো একাধিক আধিকারিকের শীততাপ নিয়ন্ত্রিত অফিস। অথচ, এলাকায় উন্নয়ন তদারকির জন্য এত উচ্চপদস্থ আধিকারিক থাকা সত্ত্বেও কেন বছরের পর বছর ঝুলে রয়েছে স্কুলের সংস্কার? সংশ্লিষ্ট আধিকারিকদের সদিচ্ছা ও আন্তরিকতার অভাবেই কি আজ এই ঐতিহ্যবাহী বালিকা বিদ্যালয়ের পরিকাঠামো ধ্বংসের মুখে—সেই প্রশ্নই এখন সর্বত্র।

​অভিভাবকদের দাবি, অবিলম্বে স্কুলের ছাদ মেরামত ও নিরাপদ ভবনের ব্যবস্থা করতে হবে। প্রশাসন দ্রুত সদর্থক পদক্ষেপ না করলে আগামীদিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন।

Share This
Categories
বিবিধ

চন্দ্রকোনা রোডে নেশামুক্ত উৎসবের ডাক।

নিজস্ব সংবাদদাতা, চন্দ্রকোনা রোড :- আপামর জনসাধারণের আবেগ ও ভক্তি জড়িয়ে রয়েছে শ্রীশ্রী জগন্নাথদেবের পবিত্র রথযাত্রা মহোৎসবে। চন্দ্রকোনা রোডের ঐতিহ্যবাহী এই রথযাত্রাকে সম্পূর্ণ আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নিরাপদ রাখতে এবার নজিরবিহীন তৎপরতা গ্রহণ করল চন্দ্রকোনা রোড পুলিশ বীট হাউস ও গড়বেতা থানা। উৎসবের পবিত্রতা ও আধ্যাত্মিক পরিবেশ বজায় রাখাই এখন প্রশাসনের মূল লক্ষ্য।

লক্ষাধিক পুণ্যার্থীর ভিড়ে রথযাত্রার পুণ্যলগ্নে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য কোমর বেঁধে নেমেছে পুলিশ। বিশেষ করে, উৎসবের দিনগুলিতে বিশৃঙ্খলা রুখতে চন্দ্রকোনা রোড ও সংলগ্ন এলাকায় নেশা জাতীয় দ্রব্যের বিরুদ্ধে ব্যাপক ও অতর্কিত ধরপাকড় অভিযান শুরু হয়েছে। অবৈধ মদের ঠেক এবং মাদক কারবারিদের বিরুদ্ধে চালানো হচ্ছে কড়া নজরদারি। ইতিমধ্যে সাতবাঁকুড়া থেকে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। তার কাছ থেকে বিপুল পরিমাণ বেআইনি মদ উদ্ধার হয়েছে বলে খবর। বিভিন্ন সূত্র থেকে খবর পেয়ে আরও বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

প্রশাসনের এই জোরালো পদক্ষেপের মূল উদ্দেশ্যই হলো— দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের সম্পূর্ণ স্বস্তি ও নিরাপত্তা দেওয়া, যাতে তাঁরা নির্বিঘ্নে রথের রশিতে টান দিতে পারেন। রথযাত্রার মহিমাকে অক্ষুণ্ণ রাখতে পুলিশের এই সময়োপযোগী ও কড়া ভূমিকা ইতিমধ্যেই সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছে।

Share This
Categories
বিবিধ

মেসি-মবাপ্পের স্বপ্ন চোখে নিয়ে মাঠে পড়ুয়ারা, সুব্রত কাপে ফুটবল উৎসবের সূচনা।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই আবহে ফুটবল নিয়ে মেতেছে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও। বিশ্বকাপের উন্মাদনা যেন ছড়িয়ে পড়েছে স্কুলের মাঠেও। সেই আবহেই বুধবার থেকে শুরু হল মেদিনীপুর সদর মহকুমার সুব্রত কাপ ২০২৬। সাব ডিভিশনাল কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টসের উদ্যোগে তিন দিনব্যাপী এই আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। প্রতিযোগিতার আসর বসেছে মেদিনীপুর সদর ব্লকের চাঁদড়া হাই স্কুলের মাঠে।
মেদিনীপুর সদর মহকুমার অন্তর্গত জুনিয়র, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, মাদ্রাসা, আইসিএসই এবং সিবিএসই বোর্ডের বিভিন্ন বিদ্যালয় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। এবারের প্রতিযোগিতায় অনূর্ধ্ব-১৫ বালক বিভাগে ২২টি, অনূর্ধ্ব-১৭ বালক বিভাগে ২২টি এবং অনূর্ধ্ব-১৭ বালিকা বিভাগে ১১টি মিলিয়ে মোট ৫৫টি স্কুল প্রতিযোগিতায় অংশ নিয়েছে। তিন দিন ধরে একাধিক নক-আউট ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতা হবে।
প্রথম দিন থেকেই খেলোয়ার এবং সাধারণ ছাত্র ছাত্রীদের উৎসাহ ছিল দেখার মত। খেলা শুরুর অনেক আগেই মাঠে ভিড় জমায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকেরা। প্রতিটি ম্যাচে ফুটবলারদের লড়াই, দর্শকদের উচ্ছ্বাস এবং উৎসাহ লক্ষ্য করা গিয়েছে ।
এদিকে চলতি ফুটবল বিশ্বকাপের আবহও স্পষ্টভাবে ধরা পড়েছে পড়ুয়াদের মধ্যে। বিরতির ফাঁকে কিংবা ম্যাচ শেষে বিশ্বকাপ নিয়েই আলোচনা করতে দেখা যায় তাদের। কেউ আর্জেন্টিনার তারকা লিওনেল মেসির অনুরাগী, আবার কেউ ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপের খেলার ভক্ত। প্রিয় ফুটবলারের মতো খেলার স্বপ্ন নিয়েই মাঠে নেমেছে বহু কিশোর ফুটবলার।
আয়োজকদের মতে, বিদ্যালয় স্তরে ফুটবলের প্রসার ঘটানো, নতুন প্রতিভা তুলে আনা এবং ভবিষ্যতের জন্য দক্ষ খেলোয়াড় তৈরি করাই সুব্রত কাপের মূল লক্ষ্য। এই ধরনের প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলবে এবং জেলা তথা রাজ্যের ফুটবলে নতুন প্রতিভার সন্ধান দেবে বলেও তাঁদের আশা।

Share This
Categories
বিবিধ

ভুবনেশ্বর থেকে হাওড়াগামী পথে ধরা পড়ল গাঁজার চালান, খড়গপুরে উদ্ধার প্রায় ১২.৫৩ লক্ষ টাকার মাদক।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বড়সড় সাফল্য পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর RPF ও GRP র, অভিযান চালিয়ে ২৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে,ঘটনায় যথেষ্ট চঞ্চল্য ছড়ায় স্টেশন চত্বরে। সূত্রে জানা যায় খড়গপুর রেল স্টেশনের RPF ও GRP র যৌথ তল্লাশিতে পাঁচ নম্বর ও ৬ নম্বর প্লাটফর্মে দুই ব্যক্তিকে চিহ্নিত করে। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২৫ কেজি গাঁজা। ধৃতরা স্বীকার করেন ভুবনেশ্বর থেকে হাওড়ার উদ্দেশ্যে যাচ্ছিল তারা। দুই জনই মুর্শিদাবাদ ও মালদা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া গাঁজার মূল্য প্রায় ১২ লক্ষ ৫৩ হাজার বলে জানা গিয়েছে। ওই দুইজন ছাড়া এই কর্মকাণ্ডে আরো কেউ জড়িত আছে কিনা গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে রেল পুলিশ।

Share This
Categories
বিবিধ

হাজারো ভক্তের উপস্থিতিতে চন্দ্রকোনারোডে সুসজ্জিত রথযাত্রা, কড়া নজরে পুলিশ প্রশাসন।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরে চন্দ্রকোনারোড রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে সুসজ্জিতভাবে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করা হয়। এই দিন গোটা চন্দ্রকোনারোড শহর জগন্নাথ দেবের রথ পরিক্রমা করার পর অবশেষে শহর সংলগ্ন ডাবচা এলাকায় মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এই দিন রথযাত্রার দড়ি টানলেন শালবনী বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিমান মাহাতো। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক সমাজসেবী ও জেলা ও ব্লক প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকেরা। এই দিন শহরের প্রাণকেন্দ্রে শহর সহ পার্শ্ববর্তী এলাকার কয়েক হাজার মানুষ সমবেত হন। অন্যদিকে এই রথযাত্রাকে ঘিরে যাতে কোন অপ্রীতিকর ঘটনা না ঘটে পুলিশের তহলদারি ছিল চোখে পড়ার মত। গড়বেতা থানার ভারপ্রাপ্ত অফিসার এবং CI জানিয়েছেন কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি, সুষ্ঠুভাবেই রথযাত্রা সম্পন্ন হয়েছে।

Share This
Categories
বিবিধ

ডুমুরগেড়িয়া থেকে মাসির বাড়ি, ভক্তদের অংশগ্রহণে রথযাত্রা উৎসব।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা তিন নম্বর ব্লকের চন্দ্রকোনারোড ও পার্শ্ববর্তী নামহট্ট ভক্তবৃন্দের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালন করা হয় বৃহস্পতিবার। এইদিন বিকেলে চন্দ্রকোনারোড শহর সংলগ্ন ডুমুরগেড়িয়া এলাকা থেকে এই রথ বেরিয়ে গোটা চন্দ্রকোনারোড শহর পরিক্রমা করে পরিশেষে শহরের বারোয়ারী তলার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এই বর্ণাঢ্য শোভাযাত্রায় কয়েকশো ভক্ত পা মিলিয়েছেন।

Share This
Categories
বিবিধ

মেচেদার ইসকন রথযাত্রায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, মিড-ডে মিল নিয়ে বড় ঘোষণা।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা: পূর্ব মেদিনীপুরের মেচেদা ইসকন জগন্নাথ মন্দিরের রথযাত্রায় অংশগ্রহণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মেচেদা ইসকন মন্দিরের চেয়ারম্যান শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার প্রথমে তমলুকে রথযাত্রার উদ্বোধন করে তিনি মেচেদায় পৌঁছন। সেখানে জগন্নাথদেবের পূজা-অর্চনার মাধ্যমে রথযাত্রার শুভ সূচনা করেন।
প্রতিবছরের মতো এ বছরও হাজার হাজার ভক্তের সমাগমে উৎসবমুখর হয়ে ওঠে মেচেদার ইসকন প্রাঙ্গণ। মুখ্যমন্ত্রীর উপস্থিতিকে ঘিরে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা। ভক্তদের উপস্থিতিতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে রথযাত্রা শুরু হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “শুধু জনপ্রতিনিধিদের নিয়ে সরকার চালানো যায় না। আমরা ইসকনের সঙ্গে আরও শক্তপোক্তভাবে কাজ করতে চাই।”
তিনি জানান, রাজ্য সরকারের সঙ্গে চুক্তির ভিত্তিতে ইসকন আগামী আগস্ট মাস থেকে কলকাতায় মিড-ডে মিল কর্মসূচি পরিচালনা শুরু করবে। তাঁর বক্তব্য, বর্তমানে সাধারণ মানুষই এই খাবার রান্না করেন, তবে শিশুদের আরও পুষ্টিকর খাবার দেওয়ার লক্ষ্যেই ইসকনকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে।
মুখ্যমন্ত্রী আরও জানান, কলকাতায় প্রকল্পের সূচনার পর পর্যায়ক্রমে নদীয়া জেলায় এই কর্মসূচি শুরু হবে এবং ভবিষ্যতে রাজ্যের সর্বত্র ইসকনের মাধ্যমে মিড-ডে মিল পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে।

Share This
Categories
বিবিধ

রথযাত্রায় পাটা পুজো, সুজাগঞ্জে শুরু মা দুর্গার মূর্তি নির্মাণ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃহস্পতিবার রথযাত্রার পণ্য অতিথিতে দুর্গাপুজোর মূর্তি তৈরির পাটা পূজো হল পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের সুজাগঞ্জ সর্বজনীন দুর্গাপূজা কমিটিতে। এই পাটা পূজার মধ্য দিয়ে মূর্তি তৈরির প্রক্রিয়া শুরু হয়ে গেছে। উদ্যোক্তারা বললেন এই পাটা পূজোর সময় থেকেই কার্যত আমাদের দুর্গাপূজার উৎসব শুরু হয়ে যায়। সুজাগঞ্জ সর্বজনীন দুর্গাপূজা আয়োজন করে মেদিনীপুরের জগন্নাথ মন্দির চকের মহাবীর ক্লাব। পুজোটি এবার ৭৬ তম বর্ষে পদার্পণ করেছে। রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share This
Categories
বিবিধ

রথযাত্রায় ভক্তদের জন্য বিশেষ পরিষেবা শিবির, মালদায় রায় হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগ।

মালদা, নিজস্ব সংবাদদাতা: পবিত্র রথযাত্রা উপলক্ষে মালদা শহরের মকদমপুর এলাকায় রায় হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ভক্তদের জন্য বিশেষ পরিষেবা শিবিরের আয়োজন করা হয়। বৃহস্পতিবার সকালে শিবিরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিজেপির দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার সভাপতি অজয় গাঙ্গুলী।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির একাধিক নেতৃত্বের পাশাপাশি রায় হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের কর্ণধার সুকমার রায়।
রথযাত্রায় অংশ নিতে আসা ভক্তদের সুবিধার্থে শিবিরে বিনামূল্যে পানীয় জল, জিলিপি, মিষ্টি বিতরণের পাশাপাশি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও রাখা হয়। দিনভর ভক্তদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে চিকিৎসাকর্মী ও স্বেচ্ছাসেবকদের মোতায়েন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ধর্মীয় উৎসবে আগত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলেও আশ্বাস দেন তাঁরা।
এই উদ্যোগকে স্বাগত জানান রথযাত্রায় অংশগ্রহণকারী ভক্ত ও স্থানীয় বাসিন্দারা। তাঁদের মতে, উৎসবের ভিড়ে এ ধরনের পরিষেবা শিবির সাধারণ মানুষের জন্য অত্যন্ত উপকারী।

Share This