আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- জেলার কালচিনি ব্লক অফিসে অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে বিক্ষোভ দেখালেন মহিলারা। শুক্রবার কালচিনি ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বহু মহিলা ব্লক অফিসে এসে বিডিও চেম্বারে ঢুকে ক্ষোভ প্রকাশ করেন। তাঁদের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যেই অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন জানিয়েছিলেন তাঁরা। কিন্তু আবেদন করার পর দীর্ঘ সময় কেটে গেলেও এখনও তাঁদের ব্যাংক অ্যাকাউন্টে যোজনার টাকা জমা পড়েনি। টাকা কেন ঢোকেনি, সেই বিষয়ে সঠিক জবাব পেতেই এদিন তাঁরা কালচিনি ব্লক প্রশাসনের দ্বারস্থ হন। আধিকারিকদের কাছে তাঁরা জানতে চান, সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার পরেও কেন তাঁদের প্রাপ্য টাকা এখনও মেলেনি। অভিযোগ, বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর মহিলাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একসময় তাঁরা বিডিওর চেম্বারে ঢুকে ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁদের সমস্যার দ্রুত সমাধানের দাবি জানান। ঘটনায় ব্লক অফিস চত্বরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কালচিনি থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে স্বাভাবিক করার চেষ্টা করে। মহিলাদের অভিযোগ খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
Categories
‘কেন এখনও টাকা ঢুকল না?’—অন্নপূর্ণা নিয়ে কালচিনি ব্লক অফিসে মহিলাদের তুমুল বিক্ষোভ।