মালদা, নিজস্ব সংবাদদাতা:- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে মালদার মানিকচকের ভুতনীর বন্যা পরিস্থিতি পরিদর্শন করলেন রাজ্যের আইন বিভাগ এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস ও জুয়েল মুর্মু। তিনি পরিস্থিতি পরিদর্শন করে আগামী বছর ভূতনীর গঙ্গা ভাঙন ও বন্যা পরিস্থিতির আশঙ্কা দূর করতে পাকাপাকিভাবে স্থায়ী সমাধানের আশ্বাসবাণী শোনালেন ভূতনীবাসীকে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার মানিকচকের ভূতনীতে রিং বাঁধ ভেঙে হু হু করে গঙ্গার জল ঢুকে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। ভূতনীর তিনটি অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় হাজার হাজার মানুষ বানভাসী হন। এই পরিস্থিতিতে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রাজ্যের দুই প্রতিমন্ত্রী ভূতনীর বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। দুই মন্ত্রীর মধ্যে একজন হলেন রাজ্যের আইন বিভাগ ও উত্তরঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী রিরাজ বিশ্বাস এবং অপরজন হলেন রাজ্যের সেচ ও জলপথ দপ্তরের প্রতিমন্ত্রী জোয়েল মুর্মু। এছাড়াও সঙ্গে ছিলেন মালদার জেলাশাসক রাজেনবীর সিং কাপুর, মানিকচকের বিধায়ক গৌড়চন্দ্র মন্ডল সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন ভূতনীর বিভিন্ন এলাকা ঘুরে বন্যা পরিস্থিতি সরজমিনে পরিদর্শন করেন। বানভাসী দুর্গত মানুষজনের সঙ্গে কথা বলেন। তারা ঠিকঠাক পর্যাপ্ত পরিমাণে ত্রাণ পাচ্ছেন কিনা, তাদের অন্যকোন সমস্যা রয়েছে কিনা তা জানার চেষ্টা করেন। সর্বোপরি প্রশাসনিক আধিকারিকদের সর্বক্ষণ দুর্গত মানুষজনের পাশে থাকার নির্দেশ দেন। পরে রাজ্যের আইন বিভাগ ও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাস সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আগের সমস্ত সরকার ভূতনীবাসীর সমস্যা সমাধানে কোন উদ্যোগ নেয়নি। শুধু ভূতনীবাসীকে ধোঁকা দিয়ে গেছেন। তবে নতুন রাজ্য সরকার আন্তরিকভাবে ভূতনীবাসীর পাশে রয়েছেন। তাই আগামী বছর ভূতনীর গঙ্গা ভাঙন ও বন্যা পরিস্থিতির আশঙ্কা দূর করতে পাকাপাকিভাবে স্থায়ী কাজ করবেন।
Categories
রিং বাঁধ ভেঙে বন্যার জের, ভূতনী পরিদর্শনে দুই মন্ত্রী—আগামী বছর স্থায়ী সমাধানের বার্তা।