Categories
বিবিধ

কঙ্কাবতীতে গাছ কাটাকে ঘিরে বিতর্ক, বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে বন দফতরে লিখিত অভিযোগ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূলের আমলে বেআইনিভাবে গাছ কাটার বিরুদ্ধে একাধিকবার সরব হতে দেখা গিয়েছিল তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবার রাজ্যে পালাবদলের পর একই ধরনের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাঁদভূঁঞাশোল এলাকায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কঙ্কাবতী আটচালার পিছনে বেশ কিছু গাছ বন দফতর ও স্থানীয় প্রশাসনকে না জানিয়ে কাটা হচ্ছে। অভিযোগ, কয়েকজন বিজেপি নেতৃত্বের হস্তক্ষেপেই এইভাবে বেআইনিভাবে গাছ কাটার কাজ চলছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জেলা বন দফতরের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। স্থানীয়দের অভিযোগে কয়েকজন বিজেপি কর্মীর নামও উঠে এসেছে। তাঁদের দাবি, লালটু রাউত, রঞ্জন দাস ও অয়ন বারিকের নেতৃত্বে ওই এলাকায় গাছ কাটার কাজ চলছে। যদিও অভিযোগের সত্যতা এবং গাছ কাটার বৈধতা নিয়ে বন দফতরের পক্ষ থেকে এখনও কোনও স্পষ্ট বক্তব্য জানা যায়নি।
ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় শুরু হয়েছে জোর চর্চা। কীভাবে এবং কার অনুমতিতে গাছ কাটা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠছে। বন দফতরের তদন্তের পরই গোটা বিষয়টি নিয়ে প্রকৃত তথ্য সামনে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *