Categories
বিবিধ

লরির কেবিনে পিঠব্যাগে লুকিয়ে ব্রাউন সুগার! গাজোলে পুলিশের জালে ৩।

মালদা, নিজস্ব সংবাদদাতা: —- মাদক পাচারবিরোধী অভিযানে ফের বড়সড় সাফল্য পেল গাজোল থানার পুলিশ। ১৬ চাকার একটি লরির কেবিন থেকে ৫ কেজির বেশি ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। রবিবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সাহেদুল রহমান, নেফাউল রহমান এবং জিয়াউল হক। সাহেদুল রহমানের বাড়ি সুজাপুর এলাকায়। ধৃতদের বয়স ২৭ থেকে ৪৭ বছরের মধ্যে বলে জানা গিয়েছে।

পুলিশের দাবি, লরিটি রায়গঞ্জ অভিমুখে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে বামনগোলা থানার আইসি এবং গাজোল থানার পুলিশের নেতৃত্বে অভিযান চালানো হয়। এরপর লরিটিকে আটক করে তল্লাশি শুরু করে পুলিশ।

চিরুনি তল্লাশির সময় লরির কেবিন থেকে একটি পিঠব্যাগ উদ্ধার করা হয়। সেই ব্যাগের ভিতরেই লুকিয়ে রাখা ছিল ৫ কেজির বেশি ব্রাউন সুগার। মাদকটি উদ্ধার করে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার পর থেকেই মাদক পাচারচক্রের সঙ্গে ধৃতদের যোগসূত্র খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। আজ ধৃতদের মালদহ আদালতে পেশ করা হবে। তদন্তের স্বার্থে পুলিশ তাদের হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে বলে জানা গিয়েছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *