Categories
বিবিধ

মিষ্টি-বিরিয়ানি থেকে হোটেল-ধাবা, গাজোলে আচমকা খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান।

মালদা, নিজস্ব সংবাদদাতা:- জেলা জুড়ে ভেজাল ও নিম্নমানের খাবার রুখতে এবার কোমর বেঁধে নামল খাদ্য সুরক্ষা দপ্তর। মালদার বিভিন্ন ব্লকের পর আজ, রবিবার ভরদুপুরে হঠাৎ করেই গাজোলের বিভিন্ন খাবারের দোকানে হানা দিলেন ফুড সেফটি আধিকারিকরা।
আজ গাজোলে এসে পৌঁছায় খাদ্য সুরক্ষা আধিকারিকদের একটি বড় দল। অভিযানটিকে আরও জোরালো ও সুনির্দিষ্ট করতে আধিকারিকরা মোট পাঁচটি দলে ভাগ হয়ে যান। এরপরই ব্লকের বিভিন্ন প্রান্তে একযোগে শুরু হয় চিরুনি তল্লাশি।কোনো একটি টিম হানা দেয় বিভিন্ন নামী-দামী মিষ্টির দোকানে, আবার কোনো টিম চলে যায় বিরিয়ানির দোকানগুলোতে। এদিকে অপর একটি টিম ১২ নম্বর জাতীয় সড়কের ধারে থাকা হোটেল ও ধাবাগুলিতে আচমকা অভিযান চালায়। আধিকারিকরা সরাসরি হোটেলের রান্নাঘরে ঢুকে পড়েন এবং তৈরি হওয়া খাবারের গুণগত মান পরীক্ষা করেন। রান্নায় ব্যবহৃত সরিষার তেল, হলুদ ও অন্যান্য মশলা আসল নাকি তাতে কোনো ভেজাল রয়েছে, তাও খতিয়ে দেখা হয়।পাশাপাশি, বিরিয়ানির দোকানগুলোতে চাল, মাংস ও রঙের মান পরীক্ষার করার পাশাপাশি দোকানগুলির বৈধ ফুড সেফটি লাইসেন্স রয়েছে কিনা, তাও খতিয়ে দেখেন আধিকারিকরা। অন্যদিকে, মিষ্টির দোকানগুলির পাশাপাশি মিষ্টি তৈরির কারখানাগুলিতেও হানা দেয় খাদ্য সুরক্ষা দপ্তরের অন্য একটি দল। সেখানে নোংরা পরিবেশে মিষ্টি তৈরি হচ্ছে কিনা বা ক্ষতিকারক কোনো রাসায়নিক ব্যবহার করা হচ্ছে কিনা, তা খতিয়ে দেখা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত, গাজোল জুড়ে এই বিশেষ অভিযান এখনও জোরকদমে চলছে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *