Categories
বিবিধ

ছাতিয়ানগাছি থেকে ঘোষপাড়া-চাঁদপাড়া, কুকুরের হামলায় আতঙ্কিত এলাকাবাসী।

মালদা, নিজস্ব সংবাদদাতা: — হবিবপুর থানার অন্তর্গত আইহো অঞ্চলের ছাতিয়ানগাছি থেকে শুরু করে ঘোষপাড়া, চাঁদপাড়া-সহ বিভিন্ন এলাকায় একটি পাগলা কুকুরের তাণ্ডবে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কুকুরের কামড়ে ইতিমধ্যেই প্রায় ৮ থেকে ১০ জন আক্রান্ত হয়েছেন। আহতদের সকলকেই ভ্যাকসিন নেওয়ার জন্য বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে যেতে হয়েছে।
স্থানীয়দের দাবি, এদিন একটি কুকুর ছাতিয়ানগাছি-সহ আশপাশের বিভিন্ন এলাকায় ঘোরাঘুরি করছিল। আচমকাই কুকুরটি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের দিকে তেড়ে গিয়ে কামড়াতে শুরু করে। কোনও কিছু বুঝে ওঠার আগেই বিভিন্ন এলাকায় গিয়ে একের পর এক মানুষ কুকুরটির হামলার শিকার হন বলে অভিযোগ। ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
কুকুরের কামড়ে আহতরা দ্রুত চিকিৎসার জন্য বুলবুলচণ্ডী গ্রামীণ হাসপাতালে যায় । সেখানে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্যাকসিন দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
ঘটনার খবর স্থানীয় ভিলেজ পুলিশকেও জানানো হয়েছে বলে খবর। তবে এখনও পর্যন্ত কুকুরটিকে আটক করা সম্ভব হয়েছে কি না, তা স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, দ্রুত প্রশাসনের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে আরও মানুষ ওই কুকুরের হামলার শিকার হতে পারেন।
এলাকার বাসিন্দাদের দাবি, দ্রুত কুকুরটিকে চিহ্নিত করে নিরাপদে সরানোর ব্যবস্থা করা হোক। পাশাপাশি, কুকুরের কামড়ে আক্রান্তদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা এবং এলাকায় নজরদারি বাড়ানোরও দাবি জানিয়েছেন তাঁরা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *