পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্গাপুজোর চার দিনের আনন্দ-উৎসবের শেষে আজ বিজয়া দশমী। মায়ের বিদায়বেলায় একদিকে যেমন বিষাদের সুর, অন্যদিকে তেমনই সিঁদুর খেলায় মেতে উঠেছেন মহিলারা।
পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তের দুর্গামণ্ডপে চলছে সিঁদুর খেলার বিশেষ আয়োজন। লাল সিঁদুরে একে অপরকে রাঙিয়ে দিয়ে আনন্দে মেতে উঠেছেন মহিলারা। পাশাপাশি একে অপরকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে মেতে উঠেছেন সৌহার্দ্য ও সম্প্রীতির উৎসবে। তেমনি ছবি ধরা পড়লো মেদিনীপুর শহরের দু’নম্বর ওয়ার্ডের গাঙ্গুলিপুকুরপাড় এলাকায় আয়োজিত মহিলা পরিচালিত দুর্গাপুজোর সিঁদুর খেলাতে।বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির অন্যতম অঙ্গ এই সিঁদুর খেলা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী, মায়ের কাছে পরিবারের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন মহিলারা। সিঁদুর খেলার মধ্য দিয়ে প্রতিফলিত হয় বাঙালির চিরাচরিত ঐতিহ্য, ভালোবাসা ও মিলনের বার্তা। তবে আনন্দের মাঝেও মন ভারাক্রান্ত। কারণ, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই কৈলাসে ফেরার পালা মা দুর্গার।
সিঁদুরের রঙে রঙিন বিজয়া দশমী, আনন্দের মাঝেই মাকে বিদায় জানানোর পালা—এই আবেগঘন মুহূর্তে উৎসবের আমেজে মাতোয়ারা পশ্চিম মেদিনীপুর জেলা।
Categories
লাল সিঁদুরে রঙিন বিজয়া দশমী, গাঙ্গুলিপুকুরপাড়ের মহিলা পরিচালিত দুর্গাপুজোয় উৎসবের আবহ।