Categories
বিবিধ

দুর্গোৎসবের শেষে আনন্দের বদলে শোক, চোরবাগানের ঘটনার স্মরণে নীরব বিসর্জন দুর্লভগঞ্জে।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দুর্গোৎসবের আনন্দের মাঝেই কলকাতার চোরবাগানে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা রাজ্যে। সেই ঘটনায় প্রাণ হারানো মানুষদের প্রতি শ্রদ্ধা জানাতে এবার উৎসবের উচ্ছ্বাস সরিয়ে রেখে নীরবতার পথ বেছে নিল পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড শহর সংলগ্ন দুর্লভগঞ্জের ক্ষুদিরাম বোস স্পোর্টিং ক্লাব। এই বছর ১৮তম বর্ষে পদার্পণ করেছে এই ক্লাবের দুর্গাপুজো। প্রতিবছরই দুর্গোৎসবকে ঘিরে এলাকায় থাকে উৎসবের আমেজ। কিন্তু এবারের বিসর্জনে ছিল অন্য আবহ। কলকাতার চোরবাগানের মর্মান্তিক ঘটনার স্মৃতি ও শোককে সামনে রেখে শুক্রবার নীরবতার সঙ্গে সম্পন্ন করা হয় দুর্গাপ্রতিমা বিসর্জন। না ছিল উৎসবের বাড়তি উচ্ছ্বাস, না ছিল আনন্দের চেনা প্রকাশ। বরং নীরবতার মধ্য দিয়েই মৃতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উদ্যোক্তারা। এই উদ্যোগের মধ্য দিয়ে তাঁরা যেন বার্তা দিলেন—উৎসবের আনন্দের মাঝেও মানুষের দুঃখ, বেদনা ও স্বজনহারানোর যন্ত্রণা কখনও ভুলে যাওয়া যায় না। দুর্গাপুজো শুধু আনন্দের উৎসব নয়, মানুষের পাশে দাঁড়ানোরও এক বার্তা। আর সেই মানবিকতার বার্তাকেই সামনে রেখে দুর্লভগঞ্জের ক্ষুদিরাম বোস স্পোর্টিং ক্লাবের এই নীরব বিসর্জন হয়ে রইল এক আবেগঘন মুহূর্ত।
উৎসবের শেষে বিদায়বেলায় আনন্দ নয়, বরং শোক ও শ্রদ্ধায় নত হলেন পুজোর উদ্যোক্তারা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *