Categories
বিবিধ

বাজারে অনিয়ম রুখতে কড়া পদক্ষেপ, গাজোল কিষান মান্ডিতে জেলা ও ব্লক প্রশাসনের যৌথ পরিদর্শন।

মালদা, নিজস্ব সংবাদদাতা: —— সাধারণ ক্রেতাদের স্বার্থ রক্ষা এবং বাজার ব্যবস্থায় স্বচ্ছতা বজায় রাখতে রবিবার সকালে মালদার গাজোল কিষান মান্ডিতে হঠাৎ পরিদর্শন আসলেন জেলা ও ব্লক প্রশাসনের পদস্থ আধিকারিকরা। এই আকস্মিক অভিযানে উপস্থিত ছিলেন মালদা জেলা প্রশাসনের আধিকারিক সুমন দেবনাথ, গাজোলের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক (বিডিও) সুমন ঘোষ এবং সহ-কৃষি অধিকর্তা। এছাড়াও গাজোল থানার পুলিশ প্রশাসন ও অন্যান্য দপ্তরের আধিকারিকরাও এই অভিযানে শামিল হন।

প্রশাসন সূত্রে জানা গেছে, এ দিন সকাল থেকেই কিষান মান্ডির সবজি বাজারে বিক্রি হওয়া বিভিন্ন শাকসবজির গুণগত মান খতিয়ে দেখেন আধিকারিকরা। পাশাপাশি, ব্যবসায়ীদের বৈধ ট্রেড লাইসেন্স রয়েছে কি না এবং ওজনের ক্ষেত্রে সরকারি নিয়ম মেনে সঠিক পরিমাপ যন্ত্র ব্যবহার করা হচ্ছে কি না, তাও পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়। সামগ্রিকভাবে বাজার চত্বরে নিয়মমাফিক ব্যবসা পরিচালিত হচ্ছে কি না, সে বিষয়ে কড়া নজরদারি চালানো হয়।

রবিবার সকালে প্রশাসনের এই আকস্মিক অভিযানে বাজারের ব্যবসায়ীদের মধ্যে কিছুটা চাঞ্চল্য ছড়ায়। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি কোনো ভীতি প্রদর্শনের জন্য নয়, বরং সাধারণ মানুষের অধিকার রক্ষা ও বাজারে স্বচ্ছতা বজায় রাখতেই এই পদক্ষেপ। ক্রেতাদের সুবিধার্থে আগামীদিনেও এই ধরনের প্রশাসনিক নজরদারি ও অভিযান নিয়মিত জারি থাকবে বলে জানানো হয়েছে।

Share This
Categories
বিবিধ

হেলমেট ও সিটবেল্ট ব্যবহারে জোর, মালদায় এক সপ্তাহব্যাপী সড়ক নিরাপত্তা কর্মসূচি শুরু।

মালদা, নিজস্ব সংবাদদাতা: — মালদা জেলা পুলিশের উদ্যোগে সোমবার আনুষ্ঠানিকভাবে শুরু হলো সড়ক নিরাপত্তা সপ্তাহ। এই উপলক্ষে মালদা পুলিশ লাইনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে জেলার বিভিন্ন প্রান্তে সড়ক নিরাপত্তা সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচির সূচনা করা হয়। পথ দুর্ঘটনা কমানো, ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব তুলে ধরা এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপদ যান চলাচল সম্পর্কে সচেতনতা বাড়ানোই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদার জেলাশাসক রাজনবীর সিং কাপুর, জেলা পুলিশ সুপার অনুপম সিংহ, বিধায়ক রাজু কর্মকার, গোপাল সাহা এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা। বক্তারা সকলকে ট্রাফিক নিয়ম মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার এবং দায়িত্বশীলভাবে যানবাহন চালানোর আহ্বান জানান। আগামী এক সপ্তাহ জুড়ে জেলার বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচার, বিশেষ অভিযান ও পথ নিরাপত্তা বিষয়ক নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

Share This
Categories
বিবিধ

চন্দ্রকোনারোড বাজারে প্রশাসনের কড়া নজর, কালোবাজারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা :- সাধারণ মানুষের স্বার্থে বিভিন্ন শাকসবজি ও মাছের কালোবাজারি রুখতে রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনারোড শহরের সবজি বাজার পরিদর্শন করলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। এই দিন তিনি গোটা বাজার ঘুরে আলু, পেঁয়াজ,লঙ্কা সহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় সাখ-সবজি ও মাছের দাম সম্পর্কে বিক্রেতাদের সঙ্গে কথা বলেন এবং বাজার পরিস্থিতির খোঁজ নেন।জেলা
পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জেলার বিভিন্ন বড় বাজারে এই ধরনের পরিদর্শন চালানো হচ্ছে। তিনি স্পষ্ট জানান, কালোবাজারির সঙ্গে যারা যুক্ত থাকবেন, তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই দিনের পরিদর্শনে জেলা পুলিশ সুপারের সঙ্গে উপস্থিত ছিলেন বিডিও দীপাঞ্জন ভট্টাচার্য,গড়বেতা বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রদীপ লোধা এবং জেলা পুলিশের অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা।

Share This
Categories
বিবিধ

‘নিরাপদ সড়ক, নিরাপদ জীবন’—গড়বেতায় ট্রাফিক পুলিশের বিশেষ সচেতনতামূলক কর্মসূচি।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সড়ক দুর্ঘটনা রোধ এবং সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বাড়াতে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ৩ রা আগস্ট থেকে ৯ই আগস্ট পর্যন্ত পালিত হচ্ছে বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহ। সোমবার এই কর্মসূচির অংশ হিসেবে গড়বেতা থানার ট্রাফিক পুলিশের উদ্যোগে গড়বেতা হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহের আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়।এইদিন গড়বেতা থানা থেকে প্রায় দুই কিলোমিটার সুসজ্জিতভাবে পদযাত্রা শহরের গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।
এইদিন পদযাত্রায় ট্রাফিক পুলিশের পাশাপাশি ছাত্র-ছাত্রীরাও হাতে সচেতনতামূলক প্ল্যাকার্ড নিয়ে অংশগ্রহণ করে। পথচলতি মানুষ ও যানবাহনের চালকদের ট্রাফিক আইন মেনে চলা, হেলমেট ও সিটবেল্ট ব্যবহার,নির্ধারিত গতিসীমা বজায় রাখা এবং নিরাপদে রাস্তা পারাপারের বিষয়ে সচেতন করা হয়।
গড়বেতা ট্রাফিক পুলিশের OC অমর ছেত্রী জানিয়েছেন সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে আগামী ৯ই আগস্ট পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও জনবহুল এলাকায় সচেতনতামূলক কর্মসূচি, শিবির ও প্রচার অভিযান চলবে।

Share This
Categories
বিবিধ

বাস ও মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষে রক্তাক্ত গড়বেতা, ঘটনাস্থলে চাঞ্চল্য।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২,গুরুতর আহত ১, ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা থানার রসকুণ্ডু এলাকায়। জানা গিয়েছে গড়বেতা থেকে চন্দ্রকোনা টাউনগামী রাজ্য সড়কে একটি যাত্রীবাহী বাস যাওয়ার পথে উল্টো দিক থেকে আসা বাইকে তিনজন আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় তিনজন গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে। এরপর স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসকেরা দুইজনকে মৃত বলে ঘোষণা করে, অন্যদিকে একজনের অবস্থা আশঙ্কা জনক হওয়ার কারণে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছায় গড়বেতা থানার পুলিশ। জানা গিয়েছে মৃত একজনের নাম সুনীল মান্ডি, বয়স আনুমানিক ২৯ বছর, অপরদিকে গুরুতর আহত ব্যক্তির নাম লক্ষীরাম মুর্মু,বয়স আনুমানিক ৩১ বছর, অপরমিত ব্যক্তির নাম এখনো পর্যন্ত জানা যায়নি। তবে তিনজনেরই বাড়ি পাশের গ্রামে বলে জানা গিয়েছে। ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। অন্যদিকে গোটা ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করে গড়বেতা থানার পুলিশ।

Share This
Categories
বিবিধ

গোপন সূত্রের খবরেই অভিযান, যোগীঝোড়া ও এথেলবাড়িতে চোলাই মদের ভাটি উচ্ছেদ।

আলিপুরদুয়ার, নিজস্ব সংবাদদাতা:- অবৈধ চোলাই মদের বিরুদ্ধে ফের কড়া অভিযান চালাল জটেশ্বর ফাঁড়ির পুলিশ। শনিবার ফালাকাটা ব্লকের যোগীঝোড়া বড়োবাক ও এথেলবাড়ি চা বাগান এলাকায় এই অভিযান পরিচালিত হয়। গোপন সূত্রে খবর পেয়ে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে চোলাই মদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি প্রায় ১৫০ লিটার চোলাই মদ এবং চোলাই মদ তৈরির বিভিন্ন সরঞ্জাম ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়।

Share This
Categories
বিবিধ

উন্নয়ন, নিরাপত্তা ও বিরোধীদের কড়া সমালোচনা—দিলীপ ঘোষের বিস্ফোরক বার্তা।

প্রশ্ন ১: কলকাতায় তাসলিমা নাসরিনের আগমন নিয়ে আপনার মত?
দিলীপ ঘোষ: ওনাকে স্বাগত। কলকাতা সবসময়ই বিশ্বের নানা প্রান্তের মানুষের জন্য উন্মুক্ত শহর। অতীতেও বহু মানুষ এখানে এসেছেন, ভবিষ্যতেও আসবেন। একসময় পশ্চিমবঙ্গে মৌলবাদের প্রভাব বেড়েছিল, কিন্তু মানুষ তা থেকে মুক্ত হয়েছে। কলকাতার মানুষ তাসলিমা নাসরিনের কথা শুনতে আগ্রহী।

প্রশ্ন ২: মিড ডে মিলের দায়িত্ব ইস্কনের হাতে, পিঙ্ক কার্ড ও নাইট বাস চালু—আপনার প্রতিক্রিয়া?
দিলীপ ঘোষ: এগুলো অত্যন্ত ভালো সিদ্ধান্ত। মুখ্যমন্ত্রী আগেই এই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং আমাদের নির্বাচনী ইশতেহারেও ছিল। মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। রাতের শহরে এখন মানুষের যাতায়াত বেড়েছে, মহিলারা নিরাপদে বেরোতে পারছেন। আগের সরকার মহিলাদের রাতে বেরোতে নিরুৎসাহিত করত, রাজ্যকে মধ্যযুগের দিকে ঠেলে দিচ্ছিল। নতুন সরকার ইতিবাচক পদক্ষেপ নিচ্ছে।

প্রশ্ন ৩: কলকাতা–কল্যাণী পিঙ্ক মেট্রো প্রকল্প নিয়ে কী বলবেন?
দিলীপ ঘোষ: গত ৫০ বছরে প্রকল্পের নামে শুধু শিলান্যাস হয়েছে, কাজ এগোয়নি। কলকাতা মেট্রো দেশের প্রাচীনতম হলেও আজ দিল্লি ও বেঙ্গালুরু অনেক এগিয়ে গেছে। এতদিনে মেট্রো বারুইপুর ও কল্যাণী পর্যন্ত পৌঁছানো উচিত ছিল। মেট্রো মানুষের জীবনকে গতিশীল করে। কিন্তু এই নিয়ে রাজনীতি হয়েছে, চিংড়িঘাটায় ইচ্ছাকৃতভাবে কাজ আটকে রাখা হয়েছিল। তৃণমূল রাজ্যের ভবিষ্যৎ অন্ধকার করে দিয়েছে। আমাদের সরকার সেই পরিস্থিতি বদলাতে কাজ শুরু করেছে।

প্রশ্ন ৪: জনগণনা ও স্ব-শুমারি শুরু হওয়া নিয়ে আপনার মন্তব্য?
দিলীপ ঘোষ: গত বছর থেকেই সারা দেশে জনগণনা শুরু হয়েছে, কিন্তু এই রাজ্যে তা আটকে রাখা হয়েছিল। সংশোধিত ভোটার তালিকা থেকে ৯১ লক্ষ নাম বাদ গেছে। শেষ জনগণনা হয়েছিল ২০১১ সালে—গত ১৫ বছরে অনেক পরিবর্তন হয়েছে, কিন্তু সরকারের কাছে তার তথ্য নেই। এভাবে চললে সরকারি প্রকল্প ব্যর্থ হবে। তাই নতুন সরকার জনগণনা শুরুর অনুমতি দিয়েছে।

প্রশ্ন ৫: বর্ধমানে জঙ্গি স্লিপার সেল প্রসঙ্গে কী বলবেন?
দিলীপ ঘোষ: দেশ দীর্ঘদিন ধরে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়ছে। অতীতে কেন্দ্রের সরকার সন্ত্রাসবাদী দেশের সঙ্গে সমঝোতা করেছে। পাকিস্তান-স্পন্সর সন্ত্রাস চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা জঙ্গিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছি, সার্জিক্যাল স্ট্রাইক করেছি। দেশের শীর্ষ নেতাদের হুমকি দেওয়া হয়েছে—কিন্তু এখন কেন্দ্র ও রাজ্যে শক্ত সরকার আছে। যেখানে জঙ্গি পাওয়া যাবে, মূলসহ উপড়ে ফেলা হবে।

প্রশ্ন ৬: নিরাপত্তা নিয়ে আপনার ব্যক্তিগত অবস্থান কী?
দিলীপ ঘোষ: আমি সাধারণ মানুষের মতোই চলাফেরা করি। যদি আমরা ভয়ে ঘরে বসে থাকি, তাহলে সাধারণ মানুষ কীভাবে রাস্তায় বেরোবে? আমি নিজে বহুবার তৃণমূলের সন্ত্রাসের শিকার হয়েছি, কিন্তু আমাকে কেউ থামাতে পারেনি। ভগবান যতদিন আয়ু দিয়েছেন, তার আগে কেউ কিছু করতে পারবে না।

প্রশ্ন ৭: মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘শুক্রবারিয়া’ কবিতা নিয়ে আপনার প্রতিক্রিয়া?
দিলীপ ঘোষ: আমি জানি না কেন তাঁর শুক্রবার নিয়ে এত আকর্ষণ। এমনকি পরিবারের সদস্যদের নামও সেই প্রভাবেই রাখা হয়েছে। বাংলার সংস্কৃতি ও পরম্পরাকে বদলে দেওয়া হয়েছে। রাজ্যের উন্নয়নে কোনও ইতিবাচক কাজ করা হয়নি, বরং ক্ষতি হয়েছে।

প্রশ্ন ৮: NEET আন্দোলন নিয়ে আপনার মন্তব্য?
দিলীপ ঘোষ: প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। কিছু অর্বাচীন গালিগালাজ করেছে, তাদের পিছনে কিছু শক্তি কাজ করেছে। কিশোর পড়ুয়ারা অনেক সময় না বুঝে এই ফাঁদে পা দেয়, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার লোভে। গণতান্ত্রিক আন্দোলনকে কলুষিত করা হয়েছে। যারা এর পিছনে রয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। অনেকেই নিজেদের ভুল বুঝে ক্ষমা চাইছে।

প্রশ্ন ৯: মিনার মণ্ডল কেস নিয়ে কী বলবেন?
দিলীপ ঘোষ: একসময় ইডি এই মামলার দায়িত্ব নিয়েছিল, কিন্তু সহযোগিতা না পাওয়ায় এগোতে পারেনি। এখন পুলিশ তদন্ত করছে। কাউকে ছাড়া হবে না, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

🔴 উপসংহার:
দিলীপ ঘোষের এই সাক্ষাৎকারে উঠে এসেছে রাজ্যের উন্নয়ন, নিরাপত্তা, রাজনীতি ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে একাধিক তীব্র মন্তব্য ও অবস্থান। নতুন সরকারের কাজ, পুরনো সরকারের সমালোচনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা—সব মিলিয়ে রাজনৈতিক বার্তা স্পষ্ট।

Share This
Categories
বিবিধ

বড়নগরে হৃদয়বিদারক পথ দুর্ঘটনা, দুই ভাইবোনের মৃত্যু, গুরুতর আহত বাবা।

বড়নগর, নিজস্ব সংবাদদাতা :- শনিবার বড়নগরের মল্লিক কলোনি সংলগ্ন বিটি রোডে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারাল দুই খুদে স্কুল পড়ুয়া। একটি স্কুটিকে পিছন থেকে লরি ধাক্কা মারলে স্কুটি থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইবোনের।
মৃতরা হল আরাধ্যা সাউ (৮), ডানলপের খালসা মডেল সিনিয়র সেকেন্ডারি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং আরভ সাউ (৫), একই স্কুলের ইউকেজি-র ছাত্র। দুর্ঘটনার সময় স্কুটি চালাচ্ছিলেন তাঁদের বাবা অভিষেক সাউ। তিনি গুরুতর আহত হন। তাঁর একটি পা ভেঙে যায়। প্রথমে তাঁকে সাগর দত্ত হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। পরিবারের বাড়ি চালতাবাগান এলাকায়, ইউনাইটেড ব্যাংকের পাশেই বলে জানা গিয়েছে।
দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়। বড়নগর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার ধারে প্রোমোটারদের ফেলে রাখা পাথরের স্তূপের কারণে ওই অংশে দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার আশঙ্কা ছিল। ঘটনার তদন্ত শুরু করেছে বড়নগর থানার পুলিশ।

Share This
Categories
বিবিধ

শ্রাবণে ভক্তিস্রোত, হাওড়া জেলায় প্রথম কাঁওড় যাত্রার আয়োজনকে ঘিরে উৎসাহ।

হাওড়া, নিজস্ব সংবাদদাতা:- সনাতন ধর্মে কাঁওড় যাত্রা বা কাবড় যাত্রা হলো শিবভক্তদের একটি পবিত্র পদযাত্রা। এই যাত্রায় ভক্তরা সাধারণত পবিত্র স্থান থেকে গঙ্গার জল সংগ্রহ করেন এবং তা বাঁকে করে কাঁধে নিয়ে দীর্ঘ পথ হেঁটে স্থানীয় শিব মন্দিরে শিবলিঙ্গে জল ঢালেন। এই প্রথমবার হাওড়া জেলায় সনাতন যুব সঙ্ঘের উদ্যোগে কাঁওড় যাত্রার আয়োজন করতে চলেছে উদ্যোক্তারা। আগামী সোমবার শ্রাবন মাসের প্রথম সোমবারে আগত কাঁওড় যাত্রীদের জন্য সেবা শিবিরের আয়োজন করা হবে। আজ তারই সম্পর্কে জানান উদ্যোক্তারা। এই শিবিরের প্রধান উদ্যোক্তা সুরজ বর্মা, সম্পাদক প্রমোদ দুবে, সাধারণ সম্পাদক পঙ্কজ শর্মা, সত্যেন্দ্র যাদব, সদস্য রূপেশ সিং, অভয় জায়সওয়াল, রবি মিশ্রা, সন্দীপ সিং, সুরেশ যাদব, নবজ্যোৎ সিং সহ অন্যান্যরা।

Share This
Categories
বিবিধ

হাসপাতালের বেহাল পরিষেবা দেখে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তিন মাসে আমূল পরিবর্তনের আশ্বাস।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- এগরা মহকুমা হাসপাতাল ও এগরা সুপার স্পেশালিটি হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখতে আচমকা পরিদর্শনে এলেন রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।পরিদর্শনকালে হাসপাতালের সার্বিক অবস্থা ও চিকিৎসা পরিষেবা দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন তিনি। দায়িত্বে গাফিলতির অভিযোগে প্রকাশ্যেই হাসপাতাল সুপার ডঃ সমীর আচার্য সহ উপস্থিত অন্যান্য আধিকারিকদের তীব্র ভর্ৎসনা করেন মন্ত্রী।
এদিন স্বাস্থ্য মন্ত্রী হাসপাতালে পৌঁছতেই একঝাঁক অভিযোগ নিয়ে তাঁর সামনে ক্ষোভ উগরে দেন চিকিৎসাধীন রোগীদের পরিবার। পরিচ্ছন্নতার চরম অভাব, রোগীদের নিম্নমানের খাবার পরিবেশন, অ্যাম্বুলেন্স পরিষেবায় অনিয়ম, বাথরুমের অপরিচ্ছন্নতা এবং হাসপাতালের কর্মীদের দুব্যবহার সহ একাধিক বিষয়ে মন্ত্রীর কাছে সরাসরি নালিশ জানান তাঁরা। রোগীদের দুর্ভোগের কথা শুনে দ্রুত কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন স্বাস্থ্য মন্ত্রী।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, “রোগীদের ভোগান্তি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আগামী তিন মাসের মধ্যে এগরা মহকুমা হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতালকে নতুন করে ঢেলে সাজানো হবে।” পাশাপাশি, হাসপাতালের পরিষেবা স্বাভাবিক ও উন্নত করতে দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও তিনি নিশ্চিত করেন।

Share This