পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি রক্ষার উদ্যোগে চন্দ্রকোনারোড সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ফুটপাত ও স্ট্যান্ড দখলমুক্ত করার কাজ শুরু করল বিজেপি। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ড ও ফুটপাত দখল করে একাধিক অবৈধ ব্যবসা চলছিল, যার ফলে যাত্রী ও পথচারীদের চরম ভোগান্তি হচ্ছিল। বহুবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও সমস্যার স্থায়ী সমাধান হয়নি বলে দাবি স্থানীয়দের। এই পরিস্থিতিতে বিজেপির নেতাকর্মীরা পথে নেমে দখলদারদের কাছে আবেদন জানান, যাতে তারা স্বেচ্ছায় ফুটপাত ও বাসস্ট্যান্ড খালি করে দেন। বিজেপির মণ্ডল সভাপতি Palash Sen জানান, ৩-৪ দিনের মধ্যে এলাকা সম্পূর্ণ দখলমুক্ত করার লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি আরও অভিযোগ করেন, পূর্বে কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক আশ্রয়ে এই দখলদারি চালাতেন, যার ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়তেন। বর্তমানে পুলিশ প্রশাসনের সহায়তায় এই সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দিনেও সাধারণ মানুষের স্বার্থে এ ধরনের অভিযান চলবে বলে জানিয়েছেন বিজেপি নেতৃত্ব।