Categories
বিবিধ

কাশীনগর হাইস্কুলের শিক্ষক গৌতম দাসের মুকুটে নতুন পালক, মিলল ‘রাষ্ট্রীয় গৌরব সম্মান’।

সুন্দরবন, নিজস্ব সংবাদদাতা:- ভারত গৌরব সম্মানের পর এবার রাষ্ট্রীয় গৌরব সম্মানে সম্মানিত হলেন কাশীনগর হাইস্কুলের শিক্ষক গৌতম দাস, যিনি এলাকায় ‘বাপী মাস্টার’ নামে পরিচিত। কলকাতার রবীন্দ্র সদন ও নন্দন চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে মহাবঙ্গ সাহিত্য পরিষদ চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে তাঁকে এই সম্মান প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল তথা প্রাক্তন প্রধান বিচারপতি এবং পশ্চিমবঙ্গ মানবাধিকার কমিশনের প্রাক্তন চেয়ারম্যান শ্যামল কুমার সেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আইপিএস শুভয় কুমার চন্দ।

স্থানীয় সূত্র ও আয়োজকদের বক্তব্য অনুযায়ী, সুন্দরবনের পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহ তৈরি করতে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন শিক্ষক গৌতম দাস। বিশেষ করে দশম শ্রেণির পর বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার ক্ষেত্রে যে অনীহা বা ভীতি অনেক পড়ুয়ার মধ্যে দেখা যেত, তা দূর করার লক্ষ্যে তিনি নিয়মিতভাবে ছাত্রছাত্রীদের উৎসাহিত করে আসছেন।

গৌতম দাসের উদ্যোগে পড়ুয়াদের মধ্যে বিজ্ঞানমনস্কতা তৈরির পাশাপাশি বিজ্ঞান বিষয়কে সহজভাবে বোঝানোর চেষ্টা করা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার সুযোগ ও ভবিষ্যৎ নিয়ে উৎসাহিত করাও তাঁর কাজের অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

শিক্ষাক্ষেত্রে তাঁর এই উদ্যোগের স্বীকৃতি হিসেবেই এবার রাষ্ট্রীয় গৌরব সম্মান পাওয়ায় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় মহলে খুশির আবহ তৈরি হয়েছে। গৌতম দাস জানান, সুন্দরবনের প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের বিজ্ঞানভীতি দূর করে তাদের বিজ্ঞানমনস্ক করে তোলার কাজ তিনি ভবিষ্যতেও চালিয়ে যেতে চান।

তিনি আরও জানান, শিক্ষার মাধ্যমে প্রত্যন্ত এলাকার পড়ুয়াদের আত্মবিশ্বাস বাড়ানো এবং তাদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়াই তাঁর লক্ষ্য। এই কাজ তিনি জীবনের শেষ দিন পর্যন্ত চালিয়ে যেতে চান বলেও জানান কাশীনগর হাইস্কুলের এই শিক্ষক।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *