পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দিনের আলোয় খড়্গপুর শহরে গুলি চালানোর অভিযোগকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার বেলা নাগাদ খড়্গপুর রেল এলাকার ওল্ড সেটেলমেন্টের ২০ নম্বর ওয়ার্ডে গুলির ঘটনা ঘটে বলে অভিযোগ। গীতাঞ্জলি হলের পিছনের একটি গলিতে বাইকে করে যাওয়ার সময় দুই যুবককে লক্ষ্য করে গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় বুকে গুলিবিদ্ধ হয়েছেন অক্ষয় ঝা নামে এক ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বাইকে করে ওই গলি দিয়ে যাচ্ছিলেন দুই যুবক। বাইকটি চালাচ্ছিলেন সাগর কুমার এবং পিছনে ছিলেন অক্ষয় ঝা। অভিযোগ, সেই সময় তাঁদের লক্ষ্য করে গুলি চালানো হয়। গুলি এসে লাগে অক্ষয়ের বুকে। গুরুতর জখম অবস্থায় তাঁকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে। তবে এই গুলি চালানোর ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে একাধিক প্রশ্ন। কারণ, যে গলিতে গুলি চালানোর অভিযোগ উঠেছে, তার আশপাশের কয়েকটি বাড়ির বাসিন্দাদের একাংশের দাবি, তাঁরা কোনও গুলির শব্দই শুনতে পাননি। এমনকি গুলির পর চিৎকার, হইচই বা আতঙ্কের কোনও শব্দও তাঁদের কানে আসেনি বলে দাবি স্থানীয়দের। ফলে দিনের বেলায় জনবহুল এলাকায় কীভাবে এমন ঘটনা ঘটল, তা নিয়েই তৈরি হয়েছে রহস্য।
কারা ওই দুই যুবককে লক্ষ্য করে গুলি চালাল? কেনই বা অক্ষয় ও সাগরকে টার্গেট করা হল? এর পিছনে কি কোনও পুরনো বিবাদ, ব্যক্তিগত শত্রুতা বা অন্য কোনও কারণ রয়েছে? নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কোনও রহস্য—একাধিক প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।
ঘটনার খবর পেয়ে তদন্তে নামে খড়্গপুর টাউন থানার পুলিশ। আহত ছাত্রের সঙ্গী সাগর কুমারের সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। ঘটনাস্থলের পরিস্থিতি, আশপাশের তথ্য-প্রমাণ এবং ঘটনার সঙ্গে যুক্ত অন্যান্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে।
অন্যদিকে, দুপুরবেলায় খড়্গপুর শহরের মতো এলাকায় গুলি চালানোর অভিযোগে নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। ঠিক কীভাবে গুলি চালানো হয়েছিল এবং অভিযুক্তরা কারা—তদন্ত শেষ হলেই সেই ছবি স্পষ্ট হবে। আপাতত গুলিবিদ্ধ ছাত্রের চিকিৎসা চলছে এবং গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
Categories
জনবহুল এলাকায় গুলি চলার অভিযোগ, অথচ শব্দ শোনেননি বাসিন্দারা—ঘটনায় বাড়ছে রহস্য।।