Categories
বিবিধ

ধর্মীয় আবহ, যাত্রাপালা ও সাংস্কৃতিক অনুষ্ঠান—তিরুপতি বালাজির আদলে সেজেছে আমলাশুলির দুর্গাপুজো।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তিরুপতি বালাজির মন্দিরের আদলে তৈরি হয়েছে দুর্গাপুজোর মণ্ডপ! সোনালি আভায় সেজে উঠেছে দেবী দুর্গার প্রতিমা। আর সেই অভিনব থিমের টানেই পঞ্চমী থেকেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের আমলাশুলি সার্বজনীন দুর্গোৎসব প্রাঙ্গণে।
এই বছর ৪০তম বর্ষে পদার্পণ করল আমলাশুলি সার্বজনীন দুর্গোৎসব। এবারের আকর্ষণ অন্ধ্রপ্রদেশের বিখ্যাত তিরুপতি বালাজি মন্দিরের আদলে তৈরি নজরকাড়া পুজোমণ্ডপ। পাশাপাশি, তিরুপতি বালাজির স্বর্ণমূর্তির আদলে সাজানো হয়েছে দেবী দুর্গার প্রতিমা। মণ্ডপ ও প্রতিমার এই অভিনব রূপ দেখতে পুজোর শুরু থেকেই ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। অন্যদিকে, জঙ্গলমহলজুড়ে অব্যাহত হাতির তাণ্ডব ও আতঙ্ক। সেই আতঙ্ককে দূরে সরিয়ে শারদোৎসবের আনন্দে মেতে উঠেছেন সাধারণ মানুষ। মানুষের নিরাপত্তার কথা মাথায় রেখে জঙ্গলমহলের বিভিন্ন এলাকায় নজরদারি ও টহলদারি চালাচ্ছে বনদপ্তর। জানা গিয়েছে, দুঃস্থ মানুষের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া এবং পড়ুয়াদের বিভিন্ন শিক্ষা-সামগ্রী বিতরণের মধ্য দিয়ে পুজোমণ্ডপের উদ্বোধন করেন পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার পাপিয়া সুলতানা।
পুজোর দিনগুলিতে থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাজসেবামূলক কর্মসূচি। পাশাপাশি, বাংলার পুরনো ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে পুজোর শেষ দিনে আয়োজন করা হয়েছে যাত্রাপালা অনুষ্ঠানের।
সব মিলিয়ে, ধর্মীয় আবহ, অভিনব থিম, সামাজিক উদ্যোগ আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মেলবন্ধনে দুর্গাপুজোর দিনগুলিতে জমজমাট গোয়ালতোড়ের আমলাশুলি সার্বজনীন দুর্গোৎসব। ক্যামেরায় দর্শনার্থীদের ভিড় আর মণ্ডপের চোখধাঁধানো সাজ—সব মিলিয়ে উৎসবের আমেজে মাতোয়ারা আমলাশুলি।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *