Categories
বিবিধ

মেদিনীপুর স্টেশনে রেলের উচ্ছেদ অভিযান, স্ট্যান্ডে আটকে থাকা বাইক-সাইকেল কবে ফিরবেন মালিকেরা?

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মেদিনীপুর রেলস্টেশন চত্বরে অবৈধভাবে সাইকেল স্ট্যান্ড দখল করে চালানোর অভিযোগ! দুর্গাপুজোর মধ্যেই দু’দফায় নোটিশ দিয়েছিল রেল কর্তৃপক্ষ। কিন্তু অভিযোগ, তারপরেও স্ট্যান্ড খালি না করায় এবার সরাসরি অভিযানে নামল দক্ষিণ-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। রবিবার সকালেই বিশাল পুলিশ বাহিনীকে সঙ্গে নিয়ে দখলমুক্ত করা হলো মেদিনীপুর স্টেশনের ১ ও ৩ নম্বর সাইকেল স্ট্যান্ড। তবে স্ট্যান্ডের ভিতরে থাকা মোটরবাইক ও সাইকেলগুলির ভবিষ্যৎ কী? সেগুলি কবে ফিরবেন প্রকৃত মালিকেরা? তা নিয়েই এখন প্রশ্ন উঠছে।

পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর রেলস্টেশনের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে স্টেশন চত্বরে।
জানা গিয়েছে, স্টেশনের ১ ও ৩ নম্বর সাইকেল স্ট্যান্ড অবৈধভাবে দখল করে চালানোর অভিযোগ ওঠে। এরপরই সংশ্লিষ্ট স্ট্যান্ডগুলি খালি করার জন্য দুর্গাপুজোর মধ্যেই দু’দফায় নোটিশ জারি করে রেল কর্তৃপক্ষ। কিন্তু অভিযোগ, নোটিশ দেওয়ার পরেও স্ট্যান্ড দুটি খালি করা হয়নি।
এরপর রবিবার সকালেই পরিস্থিতি মোকাবিলায় পদক্ষেপ করে দক্ষিণ-পূর্ব রেলওয়ে কর্তৃপক্ষ। বিশাল পুলিশ বাহিনী নিয়ে স্টেশন চত্বরে পৌঁছন রেল কর্তৃপক্ষের আধিকারিকেরা। শুরু হয় দখলমুক্ত করার প্রক্রিয়া। শেষ পর্যন্ত মেদিনীপুর স্টেশনের ১ ও ৩ নম্বর সাইকেল স্ট্যান্ড দখলমুক্ত করা হয়। তবে এই অভিযান ঘিরে সামনে এসেছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, স্ট্যান্ড দুটির ভিতরে এখনও রয়েছে বহু মোটরবাইক ও সাইকেল। যাঁরা নিজেদের গাড়ি সেখানে রেখেছিলেন, তাঁদের হাতে সেই গাড়িগুলি কীভাবে তুলে দেওয়া হবে, তা নিয়ে রয়েছে প্রশ্ন। সংশ্লিষ্ট গাড়িগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়ার দায়িত্ব রেল কর্তৃপক্ষের। অন্যদিকে, মেদিনীপুর স্টেশনের ২ নম্বর সাইকেল স্ট্যান্ডে কোনও সমস্যা না থাকায় সেখানে আগের মতোই রাখা হচ্ছে সাইকেল ও মোটরবাইক।
এখন দেখার, দখলমুক্ত হওয়া দুটি স্ট্যান্ডে পরবর্তী পদক্ষেপ কী হয় এবং সেখানে থাকা গাড়িগুলি কবে প্রকৃত মালিকদের হাতে ফিরে আসে।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *