Categories
বিবিধ

রেলের জমিতে অবৈধ পার্কিং ও আড্ডা, ধুলিয়ান গঙ্গা রেলস্টেশনে কড়া পদক্ষেপ।

মুর্শিদাবাদ, নিজস্ব সংবাদদাতা:- সামশেরগঞ্জের ধুলিয়ান গঙ্গা রেলস্টেশনে দীর্ঘদিন ধরে রেলের জায়গায় অবৈধ পার্কিং, ঘণ্টার পর ঘণ্টা আড্ডা এবং মদ্যপানসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলার অভিযোগ উঠছিল। সেই অভিযোগের বিরুদ্ধেই এবার বড়সড় অভিযান চালাল রেল পুলিশ।

রেল পুলিশের ইন্সপেক্টর প্রেম সিং মীনার নেতৃত্বে ধুলিয়ান গঙ্গা রেলস্টেশন চত্বর ও সংলগ্ন রেলের জায়গায় এই অভিযান চালানো হয়। অভিযানের সময় রেলের জায়গায় অবৈধভাবে পার্ক করে রাখা একাধিক গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি নিয়ম না মেনে পার্কিং করার অভিযোগে গাড়িচালকদের চালানও দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই স্টেশনের আশপাশে রেলের জায়গা ব্যবহার করে কিছু মানুষ ঘণ্টার পর ঘণ্টা গাড়ি দাঁড় করিয়ে আড্ডা দিতেন। সেখানে মদ্যপানসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপের অভিযোগও ছিল। এর ফলে স্টেশন চত্বরের পরিবেশ এবং সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছিল।

এই পরিস্থিতিতে রেল পুলিশের অভিযানে স্টেশন চত্বরে অবৈধ পার্কিং ও আড্ডাবাজিতে রাশ টানার বার্তা দেওয়া হয়েছে। রেলের জায়গা দখল করে বেআইনিভাবে গাড়ি পার্কিং কিংবা কোনও ধরনের অসামাজিক কার্যকলাপ বরদাস্ত করা হবে না বলেই এই অভিযানের মাধ্যমে কড়া বার্তা দেওয়া হয়েছে।

রেল পুলিশের এই অভিযানে স্থানীয়দের মধ্যেও চাঞ্চল্য ছড়ায়। আগামী দিনেও ধুলিয়ান গঙ্গা রেলস্টেশন চত্বর ও রেলের সম্পত্তি এলাকায় নজরদারি এবং প্রয়োজনে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানা গিয়েছে।

দীর্ঘদিনের অভিযোগের পর রেল পুলিশের এই অভিযান কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর স্থানীয়দের।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *