পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-
শালবনি জমি কেলেঙ্কারি মামলায় সুমিত রায়ের জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ মেদিনীপুর আদালতের। মামলায় অন্যতম অভিযুক্ত হিসেবে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক হিসেবে পরিচিত সুমিত রায়ের। একই মামলায় তিন লিংকম্যান অমিত ঘোষ, নৃত্য রায় এবং লক্ষীকান্ত ভূঁইয়ারও জেল হেফাজত হয়েছে।
অন্যদিকে, শালবনি থানায় দায়ের হওয়া বালি কেলেঙ্কারি মামলাতেও সুমিত রায়ের বিরুদ্ধে ওভারলোড গাড়ি চলাচলের সুবিধা পাইয়ে দেওয়ার বিনিময়ে প্রায় ৫০ লক্ষ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। এই মামলাটি ২০২৩ সালের বলে জানিয়েছেন সুমিত রায়ের আইনজীবী প্রতিম দাশগুপ্ত। তাঁর দাবি, ওই টাকা লেনদেনের সঙ্গে সুমিত রায় সরাসরি যুক্ত নন।
জমি কেলেঙ্কারি মামলায় সুমিত রায় ১৩ দিন হেফাজতে থাকাকালীন তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোন এবং একটি ডাটা কেবল ছাড়া আর কিছুই সিআইডি বাজেয়াপ্ত করতে পারেনি—এমনই দাবি করেছেন তাঁর আইনজীবী। এরপরই জামিনের আবেদন করা হলেও আদালত ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে বলে জানান তিনি।
অন্যদিকে, বালি কেলেঙ্কারি মামলায় পুলিশ ১২ দিনের হেফাজত চেয়েছিল। আদালত সেখানে ৯ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। জমি কেলেঙ্কারি মামলার পরবর্তী শুনানি ৭ অক্টোবর এবং বালি কেলেঙ্কারি মামলার শুনানি ৩ অক্টোবর।