Categories
বিবিধ

৩২.৫ কিলোমিটার সমুদ্রপথ পেরিয়ে ক্যাটলিনা চ্যানেল জয় আফরিনের।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের দেওয়ান বাবার চক এলাকার বাসিন্দা আফরিন যাবির এবার জয় করলেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার ক্যাটলিনা চ্যানেল। ২২ সেপ্টেম্বর আমেরিকার স্থানীয় সময় রাত ১১টা নাগাদ ক্যালিফোর্নিয়ার সান পেড্রো থেকে সাঁতার শুরু করেন আফরিন। দীর্ঘ প্রায় ৩২.৫ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে তাঁকে মোকাবিলা করতে হয়েছে প্রবল ঢেউ, প্রতিকূল সমুদ্রস্রোত এবং রাতের অন্ধকারের। এর পাশাপাশি সমুদ্রে জেলিফিশের উপস্থিতিও বাড়তি সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে শেষ পর্যন্ত ক্যাটলিনা চ্যানেলের গন্তব্যে পৌঁছে যান আফরিন। এই দীর্ঘ পথ অতিক্রম করতে তাঁর সময় লাগে ১৫ ঘণ্টা ৫১ সেকেন্ড। আফরিনের বাবা পিয়ার আলী জানান, ক্যাটলিনা চ্যানেল জয়ের যাত্রাপথ যথেষ্ট কঠিন ছিল। সমুদ্রে ব্লু হোয়েল, সি লায়ন এবং তিমিরও দেখা মিলেছিল বলে জানান তিনি। যদিও সেগুলি আফরিনের নজরে পড়েনি, তবে জেলিফিশের কারণে সমস্যায় পড়তে হয় তাঁকে।
এর আগেও আন্তর্জাতিক সাঁতারে একের পর এক সাফল্য এসেছে আফরিনের ঝুলিতে। ২০২৫ সালের ২৯ জুলাই ১৩ ঘণ্টা ১৩ মিনিটে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন তিনি। এরপর ২০২৬ সালের মে মাসে ৭ ঘণ্টা ৫ মিনিটে পাক প্রণালী পেরিয়ে নজির গড়েন। এবার সেই সাফল্যের তালিকায় যুক্ত হল ক্যাটলিনা চ্যানেল জয়ের মুকুট।
প্রতিকূল সমুদ্র, দীর্ঘ পথ আর একের পর এক চ্যালেঞ্জকে পেরিয়ে আফরিনের এই সাফল্যে স্বাভাবিকভাবেই খুশি তাঁর পরিবার, আত্মীয়স্বজন এবং শুভাকাঙ্ক্ষীরা। মেদিনীপুর শহরের এই কৃতী সাঁতারুর সাফল্যে গর্বিত গোটা জেলা।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *