Categories
বিবিধ

দক্ষিণ দিনাজপুরে রাইস মিলে দীর্ঘ আয়কর অভিযান, সাংবাদিক সম্মেলনে একাধিক দাবি কর্তৃপক্ষের।

দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:-পারপতিরাম-বাহিচা এলাকার প্রণবানন্দ রাইস মিলে বুধবার দুপুর থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত প্রায় ৭৬ ঘণ্টা ধরে চলা আয়কর দফতরের অভিযান শেষ হয়েছে। রবিবার এ নিয়ে সাংবাদিক সম্মেলন করেন মিলের মালিক মিন্টু সাহা ও মৃণাল কান্তি সাহা।

মিল কর্তৃপক্ষের দাবি, আয়কর আধিকারিকরা গত পাঁচ বছরের যাবতীয় হিসেব ও নথিপত্র খতিয়ে দেখেছেন। তাঁদের বক্তব্য, হিসেবপত্রে কোনও অসঙ্গতি পাওয়া যায়নি। আধিকারিকরাও নথিপত্র মিলিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বলে দাবি করেন তাঁরা। তবে কেন এত দীর্ঘ সময় ধরে অভিযান চলল, সে বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য, বড় শিল্পপ্রতিষ্ঠানে বিপুল পরিমাণ নথি ও হিসেব পরীক্ষা করতে ৭২ ঘণ্টারও বেশি সময় লাগতে পারে। এমনকি তদন্তের সময় যে মোবাইল ও ল্যাপটপ গুলি হেফাজতে নিয়েছিল সেগুলো সবকটিই ফেরত দিয়ে গেছে। আর স্বাভাবিকভাবেই তদন্তে আসলে তদন্ত সম্পন্ন হওয়া পর্যন্ত সেগুলো তারা হেফাজতে রাখেই। অসঙ্গতি থাকলে সেগুলো সাথে করে নিয়ে যেত, কিন্তু তারা সবটাই ফেরত দিয়ে গিয়েছে।

মিল কর্তৃপক্ষের দাবি, প্রতিষ্ঠানটি প্রতি মাসে সরকারকে প্রায় ২ কোটি ২০ লক্ষ টাকা কর দেয় এবং জেলায় অন্যতম সর্বোচ্চ করদাতা। বিদ্যুৎ বিল প্রদানের ক্ষেত্রেও প্রতিষ্ঠানটি জেলার মধ্যে প্রথম সারিতে রয়েছে বলে তাঁদের দাবি। তাঁদের কথায়, প্রতিষ্ঠানে কোনও বেআইনি কাজ হয় না এবং আয়কর অভিযানে তেমন কিছু পাওয়া যায়নি।

মিল কর্তৃপক্ষ আরও জানান, প্রতিষ্ঠানে প্রায় ১,৫০০ জনের প্রত্যক্ষ কর্মসংস্থান রয়েছে। এছাড়াও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ১৫ হাজার মানুষের জীবিকা এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বলে তাঁদের দাবি।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *