Categories
বিবিধ

মোবাইল নয়, সৃষ্টিশীলতায় মন—জমানো ৫০০ টাকায় কাগজ-কার্ডবোর্ডে মা দুর্গা গড়ল বিক্রম।

মালদা, নিজস্ব সংবাদদাতা:—- টিফিনের পয়সা বাঁচিয়ে জমিয়েছিল টাকা। সেই সঞ্চিত অর্থ দিয়ে কাগজ ও কার্ডবোর্ডে তৈরি করে ফেলেছে দুর্গাপ্রতিমা। নিজের হাতে তৈরি সেই প্রতিমা দেখিয়ে ইতিমধ্যেই প্রতিবেশীদের তাক লাগিয়ে দিয়েছে গাজোলের নবম শ্রেণির পড়ুয়া ১৫ বছরের বিক্রম সরকার।
প্রায় এক মাস ধরে ধীরে ধীরে তৈরি করা প্রতিমার কাজ এখন প্রায় শেষ। চলছে সাজসজ্জা ও বাহন তৈরির কাজ। প্রায় দেড় ফুট উচ্চতা ও আড়াই ফুট চওড়া একচালা দুর্গাপ্রতিমাটি তৈরি করতে বিক্রম খরচ করেছে নিজের জমানো প্রায় ৫০০ টাকা। পুজোর কয়েক দিন বাড়িতেই প্রতিমাটি ভক্তিভরে পুজো করার ইচ্ছা তার। পরে বিসর্জন না দিয়ে প্রতিমাটি সংরক্ষণ করতে চায় সে। তবে কেউ সংগ্রহে রাখতে চাইলে প্রতিমাটি দিয়ে দিতেও আপত্তি নেই বিক্রমের।
ছোটবেলা থেকেই দেবদেবীর মূর্তি তৈরির প্রতি আগ্রহ তার। ৭-৮ বছর বয়স থেকেই কাগজ ও কার্ডবোর্ড দিয়ে রথ, জগন্নাথ, মনসা ও গোপালের মূর্তি তৈরি করেছে। এবার তৈরি করেছে দুর্গাপ্রতিমা। বিক্রম জানায়, পুজোর মন্ত্র জানা না থাকলেও ষষ্ঠীর বোধন থেকে নিজের মতো করে ভক্তিভরে মায়ের আরাধনা করবে।
বিক্রমের বাবা বিকাশ সরকার একটি মিলে ঠিকা শ্রমিক এবং মা গৌরী দাস সরকার গৃহবধূ। মা জানান, স্কুলে যাওয়ার সময় দেওয়া ১০ টাকা থেকে খরচ বাঁচিয়ে নিজের শখ পূরণ করে ছেলে। মোবাইলে সময় না কাটিয়ে নানা সৃষ্টিশীল কাজে মেতে থাকে সে।
বিক্রমের প্রতিভায় খুশি প্রতিবেশীরাও। পুরোহিত আমন কুমার ঝা জানান, দেবদেবীর প্রতি বিক্রমের গভীর অনুরাগ রয়েছে। তাঁর তৈরি দুর্গাপ্রতিমাটিও প্রশংসার যোগ্য। তবে শিল্পী নয়, বড় হয়ে পুলিশ হওয়ার স্বপ্ন দেখে বিক্রম।

Share This

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *