Categories
বিবিধ

অসুস্থতা নাকি নদীতে পড়ে মৃত্যু? কুবাই নদীতে হস্তিশাবকের দেহ উদ্ধারে তদন্ত।।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- কুবাই নদী থেকে উদ্ধার হল একটি হস্তিশাবকের মৃতদেহ। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার নয়াবসত রেঞ্জের কিয়ামাচা বিটের চাঁদাবিলা এলাকার। হস্তিশাবকটির মৃত্যু প্রায় দু’দিন আগে হয়ে থাকতে পারে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। বুধবার বিকেলের পর
ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। হাতির নিয়মিত যাতায়াত রয়েছে এমন এলাকায় হস্তিশাবকের মৃত্যুর ঘটনায় উদ্বিগ্ন স্থানীয় বাসিন্দারা।
তবে কীভাবে হস্তিশাবকটির মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। নদীতে পড়ে যাওয়া, অসুস্থতা নাকি অন্য কোনও কারণে মৃত্যু—মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্ত ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার দিকেই তাকিয়ে বনদপ্তর।
মৃত্যুর কারণ নিশ্চিত হওয়ার আগে কোনও ধরনের অনুমান বা গুজব না ছড়ানোর আবেদন জানানো হয়েছে বনদপ্তরের তরফে। বৃহস্পতিবার সকালে এমনটাই জানা গিয়েছে।

Share This
Categories
বিবিধ

ডুপ্লিকেট চাল বিক্রির অভিযোগের খবর করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা, অভিযুক্ত চাল ব্যবসায়ী…..।

শিলিগুড়ি, নিজস্ব সংবাদদাতা : – একটি নামী ব্র্যান্ডের ডুপ্লিকেট চাল বিক্রির অভিযোগের খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ উঠল এক চাল ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, একটি নির্দিষ্ট ব্র্যান্ডের নাম ও প্যাকেট ব্যবহার করে নিম্নমানের বা নকল চাল বাজারে বিক্রি করা হচ্ছে—এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি কভার করতে যান কয়েকজন সাংবাদিক। তাঁরা চালের প্যাকেট, দোকান এবং বিক্রির প্রক্রিয়া সম্পর্কে তথ্য সংগ্রহ করছিলেন।

সেই সময় সাংবাদিকদের কাজকর্মে বাধা দেওয়ার অভিযোগ ওঠে সংশ্লিষ্ট চাল ব্যবসায়ীর বিরুদ্ধে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাংবাদিকদের সঙ্গে ব্যবসায়ীর বচসা শুরু হয়। অভিযোগ, এরপরই সাংবাদিকদের উপর হামলা চালানো হয়। ঘটনায় কয়েকজন সাংবাদিক আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই এবং ডুপ্লিকেট চাল বিক্রির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

এদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় ক্ষোভ তৈরি হয়েছে সংবাদমাধ্যমের কর্মীদের মধ্যে। সাংবাদিকদের সংবাদ সংগ্রহের কাজে বাধা দেওয়া এবং তাঁদের উপর হামলার ঘটনায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

ঘটনাকে কেন্দ্র করে ওই চাল ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সংস্থার বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়, এখন সেদিকেই নজর রয়েছে।

Share This
Categories
বিবিধ

মেদিনীপুরে সিপিআইয়ের ডেপুটেশন ঘিরে উত্তেজনা, বক্তব্যকে কেন্দ্র করে হাতাহাতির অভিযোগ।

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- সিপিআই-এর ডেপুটেশন কর্মসূচিকে ঘিরে উত্তেজনা ছড়াল পশ্চিম পশ্চিম জেলার মেদিনীপুরের মেদিনীপুর শহরের কালেক্টর মোড়ে। সোমবার বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে জেলাশাসকের দপ্তরে ডেপুটেশন কর্মসূচি করে সিপিআই। কর্মসূচি চলাকালীন সিপিআই-এর রাজ্য সম্পাদক স্বপন ব্যানার্জির বক্তব্যকে কেন্দ্র করে হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের সঙ্গে বচসা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় বলে অভিযোগ।
হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের অভিযোগ, বক্তব্য রাখার সময় হনুমান চল্লিশা নিয়ে স্বপন ব্যানার্জি বিরূপ মন্তব্য করেছেন। এই অভিযোগকে কেন্দ্র করেই উত্তেজনা ছড়ায়। হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ক্ষমা চাওয়ার দাবি তোলেন। এরপর দুই পক্ষের মধ্যে বচসা এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হয় বলে জানা গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
এই দিন সিপিআই-এর পক্ষ থেকে মেদিনীপুর শহরে মিছিল করা হয়। মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে জেলাশাসকের দপ্তরের সামনে পৌঁছয়। সেখানে বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ দেখানোর পাশাপাশি জেলা প্রশাসনের কাছে গণডেপুটেশন দেওয়া হয়।
সিপিআই-এর তরফে ভোটারদের হয়রানি বন্ধ, এসআইআর প্রক্রিয়া নিয়ে আপত্তি, জ্ঞানেশ কুমারের পদত্যাগ, সমস্ত গরিব মানুষকে অন্নপূর্ণা প্রকল্পের আওতায় আনা এবং আবাস যোজনার সুবিধা দেওয়া-সহ একাধিক দাবি তোলা হয়। পাশাপাশি, দলের অভিযোগ—রাজ্যে নির্বাচনের সময় দেওয়া বিভিন্ন প্রতিশ্রুতি এখনও পূরণ হয়নি। পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন এলাকায় বামপন্থী কর্মীদের উপর হামলা এবং দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগও তোলা হয়। ঘাটালের বন্যা পরিস্থিতি নিয়েও সরব হয় সিপিআই। বন্যার কারণে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে দ্রুত পদক্ষেপ এবং ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার দাবি জানানো হয়। তবে হনুমান চল্লিশা নিয়ে স্বপন ব্যানার্জির বক্তব্যের ঠিক কোন অংশকে কেন্দ্র করে আপত্তি তৈরি হয়েছে, তা নিয়ে দুই পক্ষের বক্তব্য আলাদাভাবে উঠে এসেছে। ঘটনায় কোনও পক্ষের বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Share This
Categories
বিবিধ

মালদা টাউন স্টেশনে মাদকবিরোধী অভিযান, বিপুল পরিমাণ ব্রাউন সুগারসহ গ্রেফতার ২।

মালদা, নিজস্ব সংবাদদাতা, ২৮ সেপ্টেম্বর:- প্রায় ২ কোটি টাকার ব্রাউন সুগার সহ দুই কারবারীকে গ্রেপ্তার করল মালদা টাউন জিআরপি থানার পুলিশ৷ সোমবার ধৃতদের সাতদিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷
গোপন সূত্রে খবর পেয়ে জেলা পুলিশের ক্রাইম মনিটরিং গ্রুপ এবং জিআরপি থানার পুলিশ মালদা টাউন স্টেশনে ফাঁদ পাতে৷ ট্রেন মালদা টাউন স্টেশনে আসতেই তথ্য অনুযায়ী দুই কারবারীকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় ২ কেজি ৫৮২ গ্রাম মাদক৷ গ্রেপ্তার করা হয় ওই দুই কারবারীকে৷ ধৃতদের নাম জুবাইল শেখ ও আলেপ শেখ৷ ধৃতরা কালিয়াচকের মোজমপুর ও মোমিনপাড়া এলাকার বাসিন্দা৷ প্রাথমিক জেরায় ধৃতরা জানিয়েছে, উদ্ধার হওয়া মাদক কামাখ্যা থেকে মালদায় নিয়ে আসার জন্য ধৃতদের ১০ হাজার টাকা করে দেওয়া হয়েছিল৷

Share This
Categories
বিবিধ

কেন্দ্রীয় বাহিনী নিয়ে মুলাই বাড়িতে ED, সাইবার ক্রাইম মামলার তদন্তে তল্লাশি।

মালদা, নিজস্ব সংবাদদাতা :- সাতসকালেই চাঁচলে ED-র হানা। মুলাই বাড়ি এলাকায় শফিকুল আলম ওরফে লিটনের বাড়িতে অভিযান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকদের। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বাড়িতে পৌঁছন ED আধিকারিকরা। সূত্রের খবর, সাইবার ক্রাইম সংক্রান্ত মামলার তদন্তেই এই অভিযান। শফিকুলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিপুল পরিমাণ প্রতারণার টাকা লেনদেনের অভিযোগ রয়েছে। সেই আর্থিক লেনদেনের সূত্র ধরেই তল্লাশি বলে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। চলছে নথিপত্র ও ব্যাঙ্ক লেনদেন খতিয়ে দেখার কাজ। ED-র তরফে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি।

Share This
Categories
বিবিধ

গম্ভীরার ছন্দে সামাজিক বার্তা, আইহোয় পথনাটিকায় সচেতনতার উদ্যোগ

মালদা, নিজস্ব সংবাদদাতা : – রবিবার সন্ধ্যায় মালদার হবিবপুর ব্লকের আইহো বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত হল ‘নমো সেবা গাথা’ কর্মসূচি। কর্মসূচিকে ঘিরে এদিন আইহো বাসস্ট্যান্ড চত্বর কার্যত উৎসবের চেহারা নেয়। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি স্থানীয় সংস্কৃতি ও নাট্য পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়।

এদিনের অনুষ্ঠানে গম্ভীরা পরিবেশনের পাশাপাশি পথনাটিকার আয়োজন করা হয়। গম্ভীরার পরিচিত ছন্দ, পথনাটিকার সংলাপে বিভিন্ন সামাজিক বিষয় তুলে ধরা হয়। পথনাটিকার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির বার্তা দেওয়ার চেষ্টা করা হয়। অনুষ্ঠান দেখতে সন্ধ্যা থেকেই বাসস্ট্যান্ড চত্বরে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন মালদা বিধানসভার মণ্ডল-১ সভাপতি পঞ্চানন বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপির বিভিন্ন নেতৃত্ব, কর্মকর্তা, কর্মী-সমর্থক এবং এলাকার সাধারণ মানুষ। তাঁদের উপস্থিতিতে কর্মসূচিকে ঘিরে রাজনৈতিক আবহও তৈরি হয়।

আয়োজকদের বক্তব্য, মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি এবং বিভিন্ন বিষয়কে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে তুলে ধরতেই এই উদ্যোগ। অন্যদিকে, গম্ভীরা ও পথনাটিকা দেখতে বহু মানুষ জড়ো হওয়ায় আইহো বাসস্ট্যান্ড চত্বরে তৈরি হয় জমজমাট পরিবেশ। সন্ধ্যা গড়ানোর সঙ্গে সঙ্গে অনুষ্ঠানের আকর্ষণও বাড়তে থাকে।

Share This
Categories
বিবিধ

কুয়াশায় ঢাকল মাঠ-ঘাট, দৃশ্যমানতা কমায় বাড়ল যান চলাচলের ঝুঁকি।

ফালাকাটা, নিজস্ব সংবাদদাতা :- শীত আসতে এখনও ঢের দেরি, অথচ আশ্বিনের শুরুতেই যেন পৌষের আবহ! সোমবার ভোরে আচমকাই ঘন কুয়াশার চাদরে ঢেকে গেল ফালাকাটা ব্লকের জটেশ্বরের বিস্তীর্ণ এলাকা। ভোরের আলো ফুটলেও ঘন কুয়াশার কারণে চারপাশের দৃশ্য কার্যত ঝাপসা হয়ে যায়। দূরের গাছপালা, বাড়িঘর তো বটেই, দীর্ঘ সড়কের অনেকটাই চোখের আড়ালে চলে যায়। মাঠ-প্রান্তর থেকে রাস্তাঘাট সব কিছুতেই যেন নেমে আসে সাদা কুয়াশার আস্তরণ। মুহূর্তে বদলে যায় জটেশ্বরের চেনা ছবি। আশ্বিনেই এমন ঘন কুয়াশার দেখা মেলায় অবাক স্থানীয়রাও। তবে কুয়াশার এই মনোরম আবহের পাশাপাশি বাড়ে যান চলাচলের ঝুঁকিও। দৃশ্যমানতা একধাক্কায় কমে যাওয়ায় ভোরের দিকে রাস্তায় ট্রাক, মোটরসাইকেল-সহ বিভিন্ন যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে চলাচল করতে দেখা যায়। এদিন চালকদেরও বাড়তি সতর্কতা অবলম্বন করতে হয়।

Share This
Categories
বিবিধ

তিন দিনে ১২ নাটক, পড়ুয়াদের অভিনয়ে মুগ্ধ বালুরঘাট—শেষ হল দশম স্কুল ড্রামা ফেস্টিভ্যাল।

বালুরঘাট, নিজস্ব সংবাদদাতা, ২৭ সেপ্টেম্বর: মঞ্চের আলোয় তিন দিন। সংলাপ, অভিনয় আর চরিত্রের টানাপোড়েনে বালুরঘাট নাট্যমন্দিরে জমে উঠেছিল স্কুলপড়ুয়াদের নাট্যোৎসব। রবিবার রাতে শেষ হল বালুরঘাট নাট্যকর্মী আয়োজিত দশম বর্ষের স্কুল ড্রামা ফেস্টিভ্যাল।

তিন দিনের এই নাট্যোৎসবে মোট ১২টি স্কুলের ১২টি নাটক মঞ্চস্থ হয়। স্কুলপড়ুয়াদের অভিনয় দেখতে প্রতিদিনই নাট্যমন্দিরে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

২০১৪ সালে শুরু হয়েছিল এই স্কুল ড্রামা ফেস্টিভ্যালের পথচলা। তবে এক বছর বন্যা এবং পরপর দু’বছর করোনা পরিস্থিতির কারণে উৎসবে ছেদ পড়েছিল। সেই বাধা পেরিয়ে এ বার দশম বর্ষে পৌঁছল বালুরঘাট নাট্যকর্মীর এই আয়োজন।

শুক্রবার উৎসবের উদ্বোধন করেন নাট্যকার ও লেখক বিনয়ভূষণ মজুমদার। উদ্বোধনী অনুষ্ঠানে ‘কনৎনূপুরা’ নৃত্যদলের নৃত্য পরিবেশনাও ছিল। এরপর তিন দিন ধরে একের পর এক স্কুলের পড়ুয়ারা মঞ্চে নিজেদের অভিনয় প্রতিভা তুলে ধরে।

আয়োজকদের মূল লক্ষ্য, মোবাইল ফোনের পর্দায় অতিরিক্ত সময় কাটানোর পরিবর্তে পড়ুয়াদের নাটকের মঞ্চের সঙ্গে যুক্ত করা। বালুরঘাট নাট্যকর্মীর সম্পাদক অমিত সাহা বলেন, “আজকের মোবাইল-আসক্তির যুগে ছোটদের মঞ্চে ফিরিয়ে আনাটাই আমাদের মূল লক্ষ্য।”

নাটকের মাধ্যমে পড়ুয়ারা শুধু অভিনয় নয়, সংলাপ বলা, মঞ্চসজ্জা এবং দলগতভাবে কাজ করার অভিজ্ঞতাও অর্জন করে বলে জানান তিনি। অমিত সাহার কথায়, স্কুল ড্রামা ফেস্টিভ্যাল শুধুমাত্র একটি উৎসব নয়, বরং আগামী প্রজন্মের মধ্যে নাটকের প্রতি আগ্রহ তৈরি করার একটি প্রচেষ্টা।

তিন দিনের উৎসবের পর্দা নামলেও পড়ুয়াদের নিয়ে এই নাট্যচর্চা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে আয়োজকদের। তাঁদের লক্ষ্য, মঞ্চের সঙ্গে নতুন প্রজন্মের এই যোগাযোগ আরও দৃঢ় করা এবং নাটকের প্রতি আগ্রহের সেই ‘বীজ’ ভবিষ্যতেও বাঁচিয়ে রাখা।

Share This
Categories
বিবিধ

কলকাতায় জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপ, পশ্চিমবঙ্গ-সহ বিভিন্ন রাজ্য থেকে অংশগ্রহণ পাঁচ শতাধিকের।

কৌশিক ঘোষ,কোলকাতা:- ২৭ সেপ্টেম্বর ২০২৬ রবিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোলকাতার স্প্রিং ক্লাবের অডিটোরিয়ামে ১৭তম এআইবিএসকে- জেএসকেএ ন্যাশানাল ক্যারাটে চ্যাম্পেয়ানশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হলো অল ইন্ডিয়া বুডো সতোকান ক্যারাটে এসোসিয়েসান জাপান সতোকান ক্যারাটে এসোশিয়েশান এর মুখ্য আয়োজনে।সিহান তীর্থঙ্কর নন্দী,সিহান শেখ কাইজার রফিক,সেনসাই বিশ্বজিৎ দাস,সেনসাই সমির সিং,সেনসাই অনিত রয়,সেনসাই কার্ত্তিক বসাক প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।এই ক্যারাটে প্রতিযোগিতার মুখ্য আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা সিহান তীর্থঙ্কর নন্দী জানালেন পশ্চিমবঙ্গের,কোলকাতা,হাওড়া,হুগলী,চব্বিশপরগনা,বর্দ্ধমান,আলিপুরদুয়ার,কোচবিহার,জলপাইগুড়ি জেলা সহ ভারতের অন্যান্য রাজ্য উওরপ্রদেশ,উওরাখন্ড,
হিমাচলপ্রদেশ,আসাম,মধ্যপ্রদেশ,কর্নাটক থেকেও অসংখ্য প্রতিযোগি কাতা ও কুমিতে বিভাগে এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে। সর্বমোট পাঁচ শতাধিক প্রতিযোগী এই ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।এই ক্যারাটে প্রতিযোগিতার মহিলাদের অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো। সংগঠনের সভাপতি সিহান সেখ কাইজার রফিক জানান বর্তমান সময়ে মহিলাদের অত্মরক্ষার স্বার্থে ক্যারাটে শেখা অতি আবশ্যিক। ছাত্রছাত্রীদের অবিভাবকদের ও তিনি এই বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার কথা বললেন।

Share This
Categories
বিবিধ

বালুরঘাটে সুর সঙ্গম কলা কেন্দ্রের সাংস্কৃতিক উৎসব, নজর কাড়ল ‘পেটুক’ নাটক।

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট :- আগমনীর সুরে শিক্ষক দিবসের শ্রদ্ধাঞ্জলি। ২৭শে সেপ্টেম্বর, রবিবার বিকেলে বালুরঘাট শহরের নাট্যতীর্থ মন্মথ মঞ্চে সাড়ম্বরে অনুষ্ঠিত হল সুর সঙ্গম কলা কেন্দ্রের সাংস্কৃতিক উৎসব ‘সৃজনোৎসব’।

বালুরঘাটের খাদিমপুর উচ্চ বালিকা বিদ্যালয় পাড়া স্থিত সুর সঙ্গম কলা কেন্দ্রের কর্ণধার শিক্ষিকা বাবলি দাসের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৫ই সেপ্টেম্বর শিক্ষক দিবসের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং আসন্ন শারদোৎসবের আগমনীকে সামনে রেখে এই সৃজনোৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠান উপলক্ষ্যে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে মঙ্গলদীপ প্রজ্জ্বলন করা হয়। এরপর কেন্দ্রের শিক্ষার্থীদের পরিবেশনায় একে একে মঞ্চস্থ হয় নৃত্য, সঙ্গীত, আবৃত্তি ও নাটক। এছাড়াও খুদে শিল্পীদের সমবেত আবৃত্তি, সমবেত সঙ্গীত ও সমবেত নৃত্য দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করে।

এদিন অনুষ্ঠান মঞ্চ থেকেই সংস্থার পক্ষ থেকে বালুরঘাটের চকভৃগুর নদীপার এন. সি. হাই স্কুলে আবৃত্তি ও যোগা প্রশিক্ষণরত শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত প্রতিযোগিতায় কৃতীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের দ্বারা মঞ্চস্থ নাটক “পেটুক”। এই নাটক দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। এদিনের সৃজনোৎসবে সংস্থার ৮০ জনেরও বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সংস্থা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দক্ষিণ দিনাজপুর জেলায় নাচ, গান, আবৃত্তি-সহ বিভিন্ন সাংস্কৃতিক চর্চার প্রসারে নিরলসভাবে কাজ করে চলেছে সুর সঙ্গম কলা কেন্দ্র। সংস্থার কর্ণধার বাবলি দাস জানান, সংস্কৃতিমনস্ক নতুন প্রজন্ম গড়ে তুলে সুস্থ সমাজ গঠনই তাদের মূল লক্ষ্য।

Share This