মালদা, নিজস্ব সংবাদদাতা:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবা ও সমর্পণের ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে পালিত হচ্ছে ‘সেবা সংকল্প অভিযান’। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে মালদার গাজোলে বিজেপির মন্ডল-২ কমিটির সহযোগিতায় আয়োজিত হল বিশেষ ‘স্বচ্ছ ভারত অভিযান’।
এদিন গাজোলের বাবুপুর অঞ্চলের রাজনগর ও মাধইল বুথের বিভিন্ন এলাকায় এই পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। কর্মসূচির অন্যতম আকর্ষণ ছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তাঁদের উদ্যোগে এলাকার বিভিন্ন মন্দির, গুরুত্বপূর্ণ রাস্তাঘাট এবং জনবসতি এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়।
শুধু পরিচ্ছন্নতার বার্তা নয়, সাধারণ মানুষের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও স্বচ্ছতার সচেতনতা গড়ে তোলাই ছিল এই উদ্যোগের অন্যতম লক্ষ্য। হাতে ঝাঁটা নিয়ে মহিলাদের এই কাজে অংশ নিতে দেখে উৎসাহিত করেন বিজেপি গাজোল মন্ডল-২-এর সভাপতি অজয় বালা। অভিযানে অন্নপূর্ণা ভাণ্ডারের উপভোক্তা মহিলাদের পাশাপাশি স্থানীয় বিজেপি কর্মীরাও অংশ নেন।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘সেবা ও সমর্পণ’-এর আদর্শকে সামনে রেখেই সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।
Categories
মন্দির থেকে রাস্তাঘাট, গাজোলে স্বচ্ছতা অভিযানে অন্নপূর্ণা ভাণ্ডারের উপভোক্তারা।