পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে শিলাবতী নদী থেকে জল তুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলেন দুই ভক্ত। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার কান্তোর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়বেতা থেকে মোট সাতজন ভক্ত কান্তোর শিব মন্দিরে জল নিবেদনের উদ্দেশ্যে শিলাবতী নদীতে জল তুলতে নামেন। নদী থেকে পাঁচজন নিরাপদে উঠে এলেও দুই ভক্ত তলিয়ে যান। দীর্ঘক্ষণ তাঁদের খোঁজ না মেলায় উদ্বেগ ছড়িয়ে পড়ে এলাকায় এবং স্থানীয়দের মধ্যে শোরগোল পড়ে যায়।
ঘটনার খবর পেয়ে গোয়ালতোড় থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করেন। দীর্ঘ অনুসন্ধানের পর একজন ভক্তের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে মৃত ভক্তের নাম মিলন দাস, বয়স আনুমানিক ২৭ বছর,অপর ভক্তের খোঁজে নদীতে তল্লাশি অভিযান এখনও অব্যাহত রয়েছে।এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে এবং উদ্ধারকাজ জোরকদমে চলছে।
Categories
শ্রাবণের পূজায় শোকের ছায়া, শিলাবতীতে তলিয়ে গেলেন দুই ভক্ত, উদ্ধার একজনের দেহ।